বলিউড থেকে সরাসরি হলিউডে, ফারহান আখতার অভিনয় করছেন সেতারশিল্পী পণ্ডিত রবিশঙ্করের চরিত্রে।

ফারহান আখতার
শেষ আপডেট: 13 February 2026 12:13
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী ইতিমধ্যেই হলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। সেই তালিকায় এবার নাম যুক্ত হল ফারহান আখতারের (Farhan Akhtar)। আন্তর্জাতিক মঞ্চে বড়সড় আত্মপ্রকাশ করতে চলেছেন এই অভিনেতা, পরিচালক ও প্রযোজক, যেখানে তাকে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ চরিত্রে।
বিটাউন সূত্রের খবর অনুযায়ী, ফারহান আখতার অভিনয় করবেন বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের চরিত্রে। এটি থাকবে একটি বিশেষ বায়োপিক প্রজেক্টে, যা ব্রিটিশ ব্যান্ড দ্য বিটলস-কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। ছবির নাম ‘দ্য বিটলস – আ ফোর ফিল্ম সিনেম্যাটিক ইভেন্ট’। এটি কোনও একক সিনেমা নয়, বরং চারটি আলাদা সিনেমার মাধ্যমে ব্যান্ডের চার সদস্যের জীবন, খ্যাতি, ব্যক্তিগত সম্পর্ক এবং সঙ্গীত যাত্রা আলাদা দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হবে।
এই বড় আয়োজন পরিচালনা করছেন অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডেস, এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সোনি পিকচারস। পণ্ডিত রবিশঙ্করের চরিত্রটি গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি ছিলেন জর্জ হ্যারিসনের গুরু। রবিশঙ্করের কাছ থেকে সেতার শেখার পর জর্জ হ্যারিসন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন, যার ফলে বিটলসের অনেক গানেই ভারতীয় বাদ্যযন্ত্র ও সুরের ছাপ দেখা যায়। ১৯৬০-এর দশকে এই সাংস্কৃতিক সংমিশ্রণ পশ্চিমি সঙ্গীতে এক নতুন ধারা সৃষ্টি করেছিল।
ফারহান আখতারের জন্য এই চরিত্র নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। পণ্ডিত রবিশঙ্কর শুধুমাত্র একজন সঙ্গীতশিল্পী নন, তিনি ভারতীয় সংস্কৃতির একজন বিশ্বদূত। তাঁর ব্যক্তিত্ব, সঙ্গীতের গভীরতা এবং আন্তর্জাতিক প্রভাবকে পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা সহজ কাজ নয়। তবে সিনেমাপ্রেমীরা আশাবাদী, ফারহানের মতো প্রতিভাবান অভিনেতা এই চ্যালেঞ্জে সফল হবেন।