
ফাইল চিত্র
শেষ আপডেট: 25 February 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া ওরফে বিয়ার বাইসেপস্। অনুষ্ঠান সম্প্রচারের পর থেকেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ছেন তিনি। এমনকি আইনি ঝামেলাতেও জড়িয়েছেন। তবু অনুষ্ঠানটির ফরম্যাট জানা সত্ত্বেও কেন সেখানে অংশ নিয়েছিলেন রণবীর? এবার সেই কারণ নিজেই জানালেন।
সোমবার মহারাষ্ট্র সাইবার সেল-এর তরফে নবি মুম্বইয়ে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রণবীরকে। তদন্তকারীদের একাধিক প্রশ্নের সম্মুখীন হন তিনি। সাইবার সেলের আধিকারিকদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় নিজের ভুল স্বীকার করেছেন ইউটিউবার। সেই সঙ্গে ব্যাখ্যা করেছেন, সময় রায়নার আমন্ত্রণে কেন তিনি ওই শোয়ে গিয়েছিলেন।
রণবীর জানান, অনুষ্ঠানটির সঞ্চালক সময় রায়না তাঁর ঘনিষ্ঠ বন্ধু। সেই কারণেই কোনওরকম দ্বিধা ছাড়াই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন তিনি। ইউটিউবারদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। রণবীর আরও বলেন, অতিথি হিসেবে কোনও টাকাও নেননি তিনি।
এই বিতর্কে শুধু রণবীর নন, আরও বেশ কয়েকজন ইউটিউবারের নাম জড়িয়েছে। সোমবার আশিস চঞ্চলনিকে জিজ্ঞাসাবাদ করেন সাইবার সেলের আধিকারিকরা। পাশাপাশি শোয়ের অন্যান্য অতিথি জশপ্রীত সিং, অপূর্ব মুখিজা এবং সঞ্চালক সময় রায়নাকেও সমন পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে সময় মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাঁকে ১০ মার্চের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এত বিতর্ক?
‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ের একটি পর্বে রণবীর এলাহাবাদিয়া এক প্রতিযোগীকে অত্যন্ত আপত্তিকর প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি জিজ্ঞাসা করেন, “বছরভর বাবা-মায়ের যৌনতা দেখবে, নাকি একবার যোগ দিয়ে সেটা চিরকালের জন্য বন্ধ করবে?” শুধু তাই নয়, প্রকাশ্যে ওই প্রতিযোগীর ব্যক্তিগত শারীরিক মাপ নিয়েও প্রশ্ন করেন রণবীর। এই ঘটনার পর থেকেই তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। আইনি জটিলতায় জড়ালেও সুপ্রিম কোর্ট থেকে অস্থায়ী সুরক্ষা পেয়েছেন রণবীর। তবে আপাতত তাঁর বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তদন্ত জারি রেখেছে সাইবার সেল।