
শেষ আপডেট: 12 October 2023 16:39
পুজোর ঢাকে কাঠি পড়বে এই সপ্তাহেই। আগামী শনিবার মহালয়া। পিতৃপক্ষের অবসানে সেদিন সূচনা হবে দেবীপক্ষের। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আকাশবাণীর মহিষাসুরমর্দিনীর জন্য চিরন্তন অপেক্ষা তো আছেই, তারই সঙ্গে অপেক্ষা মহালয়া উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলির বিশেষ প্রভাতী অনুষ্ঠানের। এবার স্টার জলসা চ্যানেলের দুর্গা টলিউডের সুপারস্টার নায়িকা কোয়েল মল্লিক। তবে চমক রয়েছে দুর্গার স্বামী মহাদেবের চরিত্রে। দেবাদিদেব রূপে এই প্রভাতী অনুষ্ঠানে দেখা যাবে টলিউড হার্টথ্রব রণজয় বিষ্ণুকে।
‘যা দেবী সর্বভূতেষু’ স্টার জলসার পর্দায় দেখা যাবে ঠিক ভোর ৫টায়। সেখানে কোয়েলের বিপরীতে মহাদেবের ভূমিকায় রণজয় বিষ্ণুর মেকআপও অনবদ্য। তাঁর মাথায় জটা, তার উপর শোভা পাচ্ছে একফালি চাঁদ। গলায় সর্প-কুণ্ডলী। কপালে তিলক। সেখানে হর-পার্বতীর বিয়ের দৃশ্য পর্দায় আসতেই সকলের মন জিতে নিয়েছে।
View this post on Instagram
'দ্য ওয়াল'-এর পুজোর আড্ডায় এবার আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব রণজয় বিষ্ণু।
পর্দায় শিব হয়ে ওঠা কতটা রোমাঞ্চকর ছিল?
ছোটবেলা থেকে দেখতাম টিভিতে মহালয়া হয়। দেখে খুব রোমাঞ্চিত হতাম। আমি যখন অভিনয় জগতে আসি তখন থেকেই ইচ্ছে ছিল যদি কোনওদিন মহালয়ার মহিষাসুরমর্দিনীর অনুষ্ঠানে অভিনয় করি তাহলে মহিষাসুরের রোল করব, নয়তো শিব হব। এবার আমার সেই ইচ্ছে পূরণ হল। শুধু তাই নয়, চিত্রনাট্যে শিব-পার্বর্তীর একটা দীর্ঘ রোম্যান্টিক অংশ রাখা হয়েছে, যেটা আমার কাছে বড় প্রাপ্তি। পার্বতী থেকে দুর্গা হওয়াতে মহাদেবের অবদান এখানে দেখানো হচ্ছে। সেজন্য দুর্গার পাশে মহাদেবের চরিত্রটা ভীষণ গুরুত্বপূর্ণ। আরব তাই শিবের চরিত্র করতে আমি আর বেশি আগ্রহী হয়েছিলাম। এই প্রথমবার পর্দায় শিব হলাম, এটা দারুণ ব্যাপার!'
শ্যুটিংয়ে শিব সেজে সবচেয়ে কঠিন লেগেছে কোন মুহূর্ত?
শিবের একটা রূপ মহাকাল। সেই মহাকাল লুকে আমায় সাজতে হয়েছিল। মহাকালের মেকআপ নিতে সময় লেগেছিল ৪ থেকে ৫ ঘণ্টা, যেটা ভীষণ সাঙ্ঘাতিক ব্যাপার। কঠিন কাজ ছিল। কালো মেক আপ নিতে হয়েছিল। শ্যুটিং শেষ করেও আরেকটা পর্ব হল গা থেকে সেই রংটা ওঠানো। সারাক্ষণ আমি জটা মাথায় নিয়েই ছিলাম। এবার জটা পরে অভিনয় করা, বিশেষ করে নাচ করা খুবই শক্ত। জটা পরে অভিনয় করে বুঝতে পারলাম যেসব মেয়েরা উইগ পরে অভিনয় করেন তাঁরা রোজ কতটা পরিশ্রমের মধ্যে দিয়ে যান। বড় মাধ্যমে পৌরাণিক চরিত্র আমি এই প্রথম করলাম।
শিবের তান্ডব নৃত্য কতটা চ্যালেঞ্জিং ছিল?
এতদিন ওয়েস্টার্ন নাচ করলেও এবার প্রথম ক্লাসিকাল নাচ শিখে করলাম। মেকআপ সমেত নাচতে হয়েছিল, সেটা খুব কঠিন তো বটেই। ড্রেস, জটা, এগুলোর একটা ওজন আছে। নাচ করতে করতে আমার মাথার জটার উইগটা দু'বার খুলে গিয়েছিল। তার জন্য শ্যুটিং অনেকদিন ধরে আটকে থাকল। জটা লাগাতে আমার খুব কষ্ট হত। আঠা, ক্লিপ সব দিয়ে জটা লাগানো হত, যেটা অত্যন্ত সময়সাপেক্ষ ছিল।
দুর্গা রূপে কোয়েল মল্লিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
খুব ভাল। কোয়েলদি আমার থেকে সিনিয়র কিন্তু আমাদের জুটিকে দর্শক খুব ভালভাবে গ্রহণ করছে। কোয়েলদির সঙ্গে আলাপ থাকলেও এই প্রথম ওঁর সঙ্গে অনস্ক্রিন কাজ করলাম। খুব মিষ্টি, ভাল মানুষ এবং ভাল সিনিয়র সহকর্মী। কাজ করতে ভীষণ সহযোগিতা করেন।
জি বাংলা আর কালার্স বাংলাতে আরও দু'জন অভিনেতা অভিষেক বসু আর সম্রাট মুখোপাধ্যায় শিব হচ্ছেন, কতটা প্রতিযোগিতা আছে?
আমি দেখিনি ওঁরা কী করছেন। জানিও না। আজ জানলাম। আমি আমার কাজটুকু করেছি, প্রতিযোগিতার কিছু নেই।
পুজোর প্ল্যান কী?
জানি না। ইচ্ছে হলে কলকাতায় থাকব, নয়তো বাইরে ঘুরতে বেরিয়ে পড়ব।
রণজয়ের জিম-চর্চিত চেহারা সবার কাছেই ঈর্ষণীয়। রহস্যটা কী?
১৮ বছর ধরে আমি ওয়ার্ক আউট করছি। এটা একটা সাধনা। ঠিকঠাক খাওয়া আর জীবনটাকে সিরিয়াসলি নিলে বাকিটা হয়ে যায়।