প্রথমবার জাতীয় পুরস্কার জেতার পর পুরস্কারের গুরুত্ব নিয়ে মুখ খুললেন রানি মুখোপাধ্যায়। সমালোচনা বনাম সর্বসম্মত প্রশংসা নিয়ে কী বললেন অভিনেত্রী?

রানি মুখোপাধ্যায়
শেষ আপডেট: 3 October 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সম্প্রতি দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রদত্ত ৭১তম জাতীয় পুরস্কারে 'মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে' ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য তিনি 'সেরা অভিনেত্রী'র সম্মান জিতে নেন। রানির এই জয় সর্বসম্মতভাবে প্রশংসিত হলেও, তাঁর সহকর্মী শাহরুখ খানের জাতীয় পুরস্কার জয় নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে পুরস্কারের গুরুত্ব নিয়ে মুখ খুললেন বঙ্গ-তনয়া রানি।
জাতীয় পুরস্কার জেতা একজন তারকার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন নিয়ে ANI-এর সঙ্গে কথা বলেন রানি। তিনি জানান, তিন দশক পরে এই জয় তাঁর কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রানি বলেন, তাঁর এবং শাহরুখ খানের (যিনি 'জাওয়ান'-এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন) জয়ে "গোটা দেশের মানুষ উচ্ছ্বসিত হয়েছে।"
রানি মুখোপাধ্যায় আরও বলেন, "এর থেকে ভাল অনুভূতি আর কিছু হয় না। কারণ আপনি যখন কোনো পুরস্কার জেতেন আর লোকেরা এর সমালোচনা করে, তখন ওই জয়ের আর কোনো মূল্য থাকে না। কিন্তু যখন গোটা দেশ মনে করে আপনি এই জয়ের যোগ্য, সকলে মিলে উচ্ছ্বসিত হয়, তখন আপনি পরিপূর্ণ বোধ করেন।"
পুরস্কারের গুরুত্ব নিয়ে রানি জানান যে তাঁর কাছে সবকিছুই গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেন, "আমি আমার দর্শকদের জন্য কাজ করি। আমি এত কঠোর পরিশ্রম করছি কারণ আমি আমার শ্রোতাদের মুগ্ধ করতে চাই।"
অভিনেত্রীর স্পষ্ট করে বলেন, "যখন আমি কোনও পুরস্কার পাই, এটি তাঁদের (ভক্তদের) খুশি করে এবং এটি তাঁদের আমার ভক্ত হতে পেরে গর্বিত করে। সুতরাং, অবশ্যই, একটি পুরষ্কার জেতা বিশেষ অনুভূতি দেয়।"
উল্লেখ্য, রানি এর আগে বেশ কয়েকটি ফিল্মফেয়ার পুরস্কার জিতলেও, এটি তাঁর প্রথম জাতীয় পুরস্কার।