
রণবীর-আলিয়া
শেষ আপডেট: 21 March 2025 16:19
দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুর জীবন এখন সর্টেড। সুন্দরী স্ত্রী আলিয়া ভাট। কন্যাসন্তান রাহা। মা নীতু কাপুরও রয়েছেন সঙ্গে। সব নিয়েই তিনি বেশ খুশি। রণবীর-আলিয়া ডেটিংয়ের শুরু ২০১৮ সালে এপ্রিলে। এবং বিয়ে করেন ২০২২ সালের এপ্রিলে। কিন্তু, এটা কি জানেন যে আলিয়া রণবীরের ‘প্রথম’ স্ত্রী নয়? 'প্রথম’ স্ত্রীয়ের সঙ্গে এখনও দেখাই হয়নি রণবীরের। সম্প্রতি, সেই দেখা না হওয়া নিয়ে একটি চমকপ্রদ বিষয় শেয়ারও করেছেন রণবীর।
আলিয়ার সঙ্গে রণবীরের বিয়ে ছিল রূপকথার মতো। কিন্তু এটাই সত্যি, আলিয়া তাঁর প্রথম স্ত্রী নন। আসলে, রণবীরের ফ্যানবেস সারা বিশ্বজুড়ে। অভিনেতাকে এক ঝলক দেখার জন্য তাঁর ভক্তরা যা খুশি করতে পারেন। তেমনই এক ঘটনার কথা এক সাক্ষাৎকারে, রণবীর শেয়ার করেন। তিনি বলেন, যে এক মহিলা ফ্যান তাঁর বাংলোয়, একজন পণ্ডিতের সঙ্গে আসেন, এবং তাঁকে না পেয়ে বাড়ির সদর দরজার সঙ্গেই বিয়ে সেরে ফেলেন। রণবীর এও বলেন, যে তিনি এখনও তাঁর 'প্রথম স্ত্রী'র সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
‘আমি ওকে পাগল বলব না। কারণ এই শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। তবে আমার মনে আছে যখন আমি প্রথম প্রথম কাজ করা শুরু করি, সে সময়ে একটি মেয়ে এসেছিল, যদিও তার সঙ্গে আমার কক্ষণও দেখাও হয়নি। কিন্তু আমার বাড়ির ওয়াচম্যান আমাকে বলে, যে সে একজন পণ্ডিতের সঙ্গে আমাদের বাড়িতে আসে, এবং বাড়ির গেটকে বিয়ে করে। সেই বাংলোতে আমি, বাবা-মায়ের সঙ্গে থাকতাম। মনে আছে গেটে তিলক কাটা ছিল এবং ফুল ছড়িয়ে ছিল। আমি তখন শহরের বাইরে ছিলাম। এটা ক্রেজি ছিল। আমার এখনও প্রথম স্ত্রীর সঙ্গে দেখা হয়নি। ওর সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে এখনও অপেক্ষা করছি।’
বলি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, আলিয়া দ্বিতীয়বার মা হতে চলেছেন। বিয়ের আগে বিভিন্ন সময় সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তান ধারণের কথা জানিয়েছেন আলিয়া। এক পডকাস্টে উপস্থিত হয়েও দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তোলেন। কিছুদিন আগে রণবীরও ট্যাটু নিয়ে কথা বলতে গিয়ে দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তোলেন। অনেকই দুইয়ে-দুইয়ে চার করছেন বিষয়টি। তাহলে কি আহার অন্তঃসত্ত্বা হলেন অভিনেত্রী?