
শেষ আপডেট: 22 January 2024 13:53
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরে মুক্তি পেতে না পেতেই চর্চার শীর্ষে ছিল 'অ্যানিম্যাল'। দু’মাস হতে না হতেই এবার ওটিটিতে আসতে চলেছে সিনেমাটি। যাঁরা হলে সিনেমাটি দেখে উঠতে পারেননি, এবার তাঁদের ইচ্ছেপূরণ হতে চলেছে।
নেটফ্লিক্সে ২৬ জানুয়ারি আসতে চলেছে এই সিনেমা। ছুটির দিনে সবাই যাতে এই সিনেমাটি দেখতে পারে, তাই পরিচালকের এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। ৩ ঘণ্টা ২১ মিনিটের এই সিনেমাটি নেটফ্লিক্সে দেখা যাবে ৩ ঘণ্টা ২৯ মিনিটে। ৮ মিনিট বেশি। আনকাট এই ভার্সনে কী থাকবে তা নিয়েই উদ্গ্রীব হয়ে রয়েছেন 'অ্যানিম্যাল' প্রেমীরা।
খবরটি সংবাদমাধ্যমে আসার আগে থেকেই কানাঘুষো চলছিল ওটিটিতে বাড়তি কিছু দৃশ্য থাকবে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেন, 'সিনেমা হলে সিনেমার সব অংশটা দেওয়া যায়নি। তাই এবার ওটিটিতে বাকি ৫-৭ মিনিট দিতে পেরে আমি খুশি। কারণ এবার দর্শকরা আমার গল্পটা আরও ভাল করে অনুভব করতে পারবেন'।
অ্যানিম্যাল হল একটি ছেলের গল্প, যে নিজের বাবার মন জয় করার জন্য সব করতে রাজি। সেটা নিয়েই ছবির গল্প এগোয়। তবে এখানে বেশ কিছু দৃশ্য আছে যা দর্শকদের অপছন্দ হয়। কয়েকজন পরিচালক ও অভিনেতার মতে এই সিনেমা সমাজের অধঃপতন ছাড়া আর কিছু না!
বছর শেষের সবচেয়ে বড় ব্লকবাস্টার হয় ‘অ্যানিম্যাল’। প্রায় ৯০০ কোটিরও বেশি ব্যবসা করে ছবিটি। কিছুদিন আগে অবধিও এই সিনেমা হলে দেখা যাচ্ছিল। এখন হাতের মুঠোয় এই সিনেমাটি আসায় দর্শকদের সুবিধাই হবে।
সমালোচনায় বিদ্ধ হলেও এখনও ভারতে ও বিশ্বের অন্যান্য জায়গায় এই সিনেমা রমরমিয়ে চলছে। এত আলোচনা হওয়ার কারণেই হয়তো লোকে আরও বেশি এই সিনেমাটি দেখতে আগ্রহী হয়ে উঠেছে। ২৬ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে দেখা যাবে 'অ্যানিম্যাল'।