.jpg)
'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'
শেষ আপডেট: 22 February 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউব শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' সংক্রান্ত মামলায় এবার মহারাষ্ট্র সাইবার সেলের তলব পেলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এই শো-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখি, যেখানে রণবীর আল্লাবাদিয়ার ‘বাবা-মা এবং যৌনতা’ সংক্রান্ত মন্তব্য তীব্র বিতর্ক সৃষ্টি করে।
এক আধিকারিক জানিয়েছেন, ২৭ ফেব্রুয়ারি মহারাষ্ট্র সাইবার সেলের সামনে হাজির হয়ে রাখিকে তাঁর বয়ান রেকর্ড করাতে হবে। এই মামলায় ইতিমধ্যেই ৫০ জনেরও বেশি কমেডিয়ান, কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে তলব করা হয়েছে। তলব প্রসঙ্গে ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছেন রাখি সাওয়ান্ত। একটি পাপারাজ্জি ভিডিওতে তাঁকে বিস্ময় প্রকাশ করে বলতে শোনা যায়, 'আমি তো কাউকে গালাগালিও করিনি! কেন আমাকে তলব করা হল, তা-ও বুঝতে পারছি না। আমাকে ভিডিও কল করিয়ে জিজ্ঞাসাবাদ করলেই তো হয়!'
View this post on Instagram
রাখি আরও বলেন, 'আমি একজন শিল্পী, বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছিলাম। আমার বিরুদ্ধে কেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানি না। আগে বছরের পর বছর ধরে ঝুলে থাকা ধর্ষণের মামলাগুলোর সমাধান হোক। অনেক মহিলা এখনও ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। আমি নির্দোষ, আগে অপরাধীদের শাস্তি দিন!'
এরই মধ্যে, মহারাষ্ট্র সাইবার সেল ২৪ ফেব্রুয়ারি ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া ও আশিস চাঞ্চালানিকে তাঁদের বয়ান রেকর্ড করার জন্য তলব করেছে। সম্প্রতি গুয়াহাটি হাইকোর্ট আশিস চাঞ্চালানিকে ১০ দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তার সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট রণবীরের মন্তব্যকে ‘অশ্লীল’ বলে উল্লেখ করলেও তাঁকে অন্তর্বর্তীকালীন গ্রেফতারি সুরক্ষা দিয়েছে। তবে তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে এবং দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই মামলায় আরও কী নতুন মোড় আসে, সেদিকে নজর রাখছে গোটা দেশ।