বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হল বলিউডের বর্ষীয়ান পরিচালক রাকেশ রোশনকে।

রাকেশ রোশন
শেষ আপডেট: 19 July 2025 12:10
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হল বলিউডের বর্ষীয়ান পরিচালক রাকেশ রোশনকে। বুধবার, ১৬ জুলাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের ঘনিষ্ঠ সূত্র এবং কন্যা সুনয়না রোশন এই খবর নিশ্চিত করেছেন।
পরিচালকের শরীরে সম্প্রতি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বলে জানা গিয়েছে। কিছু সময় তাঁকে আইসিইউ-তেও রাখা হয়েছিল। তবে এখন অনেকটাই স্থিতিশীল তিনি। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে কড়া নজরদারিতে রাখা হয়েছে রোশন সিনিয়রকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।
রাকেশ রোশনের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর পরিবার। সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন সকলে। পুত্র হৃতিক রোশন নিয়মিত হাসপাতালে বাবার খোঁজখবর রাখছেন। অভিনেতার সঙ্গে রয়েছেন প্রেমিকা সাবা আজাদ এবং দিদি সুনয়না রোশনও।
উল্লেখ্য, চলতি বছরেই পরিচালনায় ফিরছেন রাকেশ রোশন। পুত্র হৃতিকের পরিচালনার অভিষেক নিয়ে ঘোষণাও করেছিলেন কিছুদিন আগেই। পাশাপাশি ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির কাজ শুরুর কথা ছিল সামনে। তার আগে আচমকা অসুস্থতা চিন্তায় ফেলেছে অনুরাগীদের।
বলিউডে দীর্ঘদিন ধরে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন রাকেশ রোশন— ‘করণ অর্জুন’, ‘কহো না প্যায়ার হ্যায়’, ‘কোই মিল গ্যয়া’, ‘কৃশ’ সিরিজ তাঁর কেরিয়ারে অন্যতম উল্লেখযোগ্য মাইলফলক। আপাতত পরিচালক সুস্থ হয়ে দ্রুত ঘরে ফেরেন, সেই কামনাই করছেন অনুরাগীরা।