আটের দশক থেকে ২০০০ পেরিয়েও নতুন প্রজন্মের কাছে রাকেশ রোশনের ছবি আজও ভীষণ জনপ্রিয়।

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 6 September 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: রাকেশ রোশন (Rakesh Roshan) হিরোর চেয়েও পরিচালক (Director) রূপে বলিউডে বেশি সফলতা পেয়েছিলেন। যদিও অভিনেতা হিসেবে চেনা মুখ হওয়াতে ডিরেক্টর হিসেবে পরিচিতি পেতে তাঁর সুবিধে হয়েছিল। কিন্তু কত অভিনেতাই তো পরিচালক হন, দশকের পর দশক সুপারহিট দিতে পেরেছেন কজন? প্রথম সারির হিরোর দৌড়ে তিনি পিছিয়ে ছিলেন চিরকাল। অ্যাকশন হিরোর থেকেও বেশি রোম্যান্টিক সহনায়কের চরিত্রে তাঁকে আমরা বেশি পেয়েছি। তবে পরিচালক হিসেবে অ্যাকশন ছবিতেই রাকেশ রোশন সাফল্যের চূড়ায় ওঠেন। অন্যদিকে রোম্যান্টিক ছবিতেও তিনি রেকর্ড হিট ছবি করেন। আটের দশক থেকে ২০০০ পেরিয়েও নতুন প্রজন্মের কাছে রাকেশ রোশনের ছবি আজও ভীষণ জনপ্রিয়। দেখে নেওয়া যাক পরিচালক রাকেশ রোশনের সেরা ছয়টি ছবির কথা।

খুদগার্জ (১৯৮৭): এই ছবি দিয়ে পরিচালক হিসেবে জয়যাত্রা শুরু করেন রাকেশ রোশন। এটি তাঁর পরিচালক রূপে ডেবিউ ছবি। জিতেন্দ্র, শত্রুঘ্ন সিনহা, গোবিন্দা, অমৃতা সিং, ভানুপ্রিয়া অভিনয় করেছিলেন এই অ্যাকশন ড্রামা ছবিতে। রাকেশ রোশনের ছবির আর এক তুরুপের তাস ছিলিন তাঁর ভাই সুরকার রাজেশ রোশন। রাকেশ রোশনের সব ছবিতেই রাজেশ রোশনের গানের কারণেও ছবি সুপারহিট হত। প্রথম ছবি থেকেই নজির গড়েছিলেন দুই ভাই।

খুন ভারি মাং(১৯৮৮): রেখার অন্যতম নারীকেন্দ্রিক শ্রেষ্ঠ ছবি হল 'খুন ভারি মাং। অবলা নারী তাঁর স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেয়, হিংস্র ভিলেনকে দমন করতে রেখা হয়ে ওঠে মা দুর্গার মতো শক্তিশালী। রেখার ডিগ্ল্যাম লুক থেকে তুমুল গ্ল্যামারাস লুক ধরা পড়েছিল এই ছবিতে। রেখাকে দুর্দান্ত ভাবে ব্যবহার করেন রাকেশ রোশন। ভিলেন কবীর বেদীর সেক্স অ্যাপিল ঝড় তুলেছিল পর্দায়।

করন-অর্জুন (১৯৯৫): মহাভারতের কর্ণ-অর্জুনকে নয়ের দশকের মতো করে মেনস্ট্রিম ছবিতে নিয়ে আসেন রাকেশ রোশন। শাহরুখ খান ও সলমন খান জুটির মেগা হিট ছবি ছিল 'করন-অর্জুন'। তাঁদের মায়ের ভূমিকায় রাখী গুলজার। ভারতীয় ছবিতে এটি আজও আইকনিক ছবির তালিকায় রয়েছে।

কাহো না প্যায়ার হ্যায় (২০০০): ২০০০ সালের সবথেকে মেগাহিট ছবি ছিল 'কাহো না প্যায়ার হ্যায়'। নিজের ছেলে হৃতিক রোশন ও নবাগতা আমিশা প্যাটেল দু'জনকেই এই ছবি দিয়ে লঞ্চ করলেন তিনি। মিউজিক্যাল প্রেমের ছবিতে এই ছবির রেকর্ড সহজে ভাঙা যায় না। রাজেশ রোশনের মিউজিকে গান এ ছবির সম্পদ।

কোয়ি মিল গ্যায়া (২০০৩): সালে হৃতিক রোশন ও প্রীতি জিন্টাকে নিয়ে এই ছবি বানান রাকেশ। হৃতিক এক বিশেষ ভাবে সক্ষম তরুণের চরিত্র করেন। 'জাদু' নিয়ে তখন বেশ মাতামাতি হয়েছিল।

কৃশ (২০০৬): 'কোয়ি মিল গ্যায়া' ছবির দ্বিতীয় ভাগ ছবি ছিল 'কৃশ'। সুপারহিরো নিয়ে বলিউড ছবিতে প্রথম ছবি ছিল এটি। হৃতিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়া জুটিকে দেখা যায় এই ছবিতে।