একসময় বলিউড ছেড়ে কানাডায় নির্মাণকর্মীর কাজ করতেন রজত বেদী। দুই দশক পর শাহরুখ-আরিয়ানের হাত ধরে ফের আলোয় ফিরলেন তিনি। বললেন, “আরিয়ান আমার জীবনের দেবদূত।”

রজত বেদী
শেষ আপডেট: 1 November 2025 10:31
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এখন রাতারাতি সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা রজত বেদী। আর এর নেপথ্যে রয়েছে আরিয়ান খানের বহু প্রতীক্ষিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’। এই সিরিজে তিনি এমন এক অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন যিনি প্রায় ১৫ বছর ধরে কাজ ছাড়া ছিলেন, এক ভয়ঙ্কর চুক্তিতে বাঁধা পড়ে নতুন প্রজেক্টে সই করতে পারছিলেন না। পর্দায় এই চুক্তি না থাকলেও, রজতের বাস্তব জীবনের গল্পটা কিন্তু এর থেকে খুব একটা আলাদা ছিল না।
প্রায় দুই দশক ধরে কাজ না পেয়ে, একসময় পরিচিত জগৎ ছেড়ে পরিবার নিয়ে কানাডায় পাড়ি দিয়েছিলেন এই অভিনেতা। সেখানে তিনি নির্মাণ শ্রমিক (Construction Worker)-এর কাজও করেছেন।
ফারাহ খানের ইউটিউব ভ্লগে এসে রজত বেদী তাঁর জীবনের কঠিন সময় নিয়ে মুখ খোলেন। তিনি জানান, "আমি প্রায় ৫০টি ছবিতে কাজ করেছি, যার মধ্যে ২০টিতে প্রধান চরিত্রে ছিলাম। কিন্তু কিছুতেই ভাগ্য খুলছিল না। আমার কাছে দু'টি পথ খোলা ছিল। হয় টেলিভিশনে কাজ করা, নয়তো কানাডায় পুরোপুরি স্থায়ী হওয়া। আমি দ্বিতীয়টি বেছে নিই। এটি রাতারাতি নেওয়া সিদ্ধান্ত ছিল। সেখানে আমার কোনও বন্ধু বা আত্মীয় ছিল না। আমি শুধু ব্যাগ গুছিয়ে চলে গিয়েছিলাম।"
২০০০ সালের ব্লকবাস্টার ছবি ‘কোই মিল গয়া’-এর সাফল্যের পরেও রজতের জীবনে তেমন কোনও পরিবর্তন আসেনি। তিনি বলেন, "ছবিটি হিট হওয়া সত্ত্বেও আমার জন্য নতুন কাজের দরজা খোলেনি। আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। আমি আরও বড় হতে চেয়েছিলাম, আরও কাজ করতে চেয়েছিলাম। তখনই আমি কানাডায় চলে যাই এবং নির্মাণ কাজ শুরু করি।"
রজত বেদীর জীবনের বিদ্রূপ ছিল এটাই যে, কানাডাতেও মানুষজন তাঁর মুখ চিনত, কিন্তু নাম মনে করতে পারত না। তিনি বলেন, "প্রত্যেকেই বলত, 'মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি,' কিন্তু কেউ আমার নাম মনে রাখত না। এখন, ঈশ্বরের কৃপায়, তারা আমার নাম মনে রেখেছে।"
বলিউড ছেড়ে যাওয়ার প্রায় ২০ বছর পর, রজত বেদী যখন মুম্বাইতে ফিরে আসেন, তখন তাঁর জীবনে দেবদূতের মতো আসেন শাহরুখ খান ও আরিয়ান খান।
রজত বলেন, "একবার শাহরুখ খানের সঙ্গে আমার দেখা হয়েছিল, আর আমি ভেঙে পড়েছিলাম। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, 'আমি কানাডায় কী করছি?'"
তাঁর জীবনে সব কিছু বদলে যায় যখন আরিয়ান খানের পক্ষ থেকে তাঁর কাছে ফোন আসে। রজত কৃতজ্ঞতার সঙ্গে বলেন, "আরিয়ানের এই শো সত্যিই আমার জন্য ঈশ্বরের দান ছিল।"
তিনি জানান, ২০২২ সালের ডিসেম্বরে আরিয়ান খানের টিমের একজন, বনি জৈন তাঁকে ফোন করেন। বনি জানান, "আরিয়ান আপনার সঙ্গে দেখা করতে চান।" রজত হেসে উত্তর দেন, "কী! শাহরুখ খানের ছেলে আমার সঙ্গে দেখা করতে চায়? কেন?" এরপর বনি জানান যে আরিয়ান তাঁর প্রজেক্টের জন্য রজতকে একটি চরিত্রের জন্য চান। খবরটি বিশ্বাস করতে পারেননি রজত। নিজের হাত চিমটি কেটেছিলেন তিনি। এক মুহূর্ত দেরি না করে, তিনি সঙ্গে সঙ্গেই মুম্বইয়ের বিমান ধরেন। এইভাবেই এক সময় বলিউড থেকে হারিয়ে যাওয়া অভিনেতা রজত বেদী, আরিয়ান খানের হাত ধরে আবার বলিউডে ফিরে এলেন।