অভিষেক বচ্চন বলেছিলেন, ঐশ্বর্যার সৌন্দর্যের জন্য নয়, তাঁর মন আর স্বভাবের জন্যই প্রেমে পড়েছিলেন একসময়। আজও একইভাবে আগলে রাখেন, ট্রোলিংয়ের জবাব দেন নিজেই।

অভিষেক- ঐশ্বর্যা (ফাইল ছবি)
শেষ আপডেট: 1 November 2025 09:19
দ্য ওয়াল ব্যুরো: আজ বিশ্বসুন্দরীর ৫২তম জন্মদিন। তাঁর সৌন্দর্যে মুগ্ধ গোটা দুনিয়া, কিন্তু স্বামী অভিষেককে সৌন্দর্যের আগে আকর্ষণ করে তাঁর ভিতরের মানুষটা, আর সেটাতেই মুগ্ধ হন বার বার, প্রেমে পড়েন নতুন করে। বহুবার অভিষেক বলেছেন, ঐশ্বর্যার প্রেমে পড়েছিলেন শুধুমাত্র 'রূপ' দেখে নয়, তাঁর মন আর স্বভাব দেখে।
এক পুরনো সাক্ষাৎকারে অভিষেকের বলা কিছু কথা ঐশ্বর্যার জন্মদিনের আগে ফের ভাইরাল হয়েছে। সেখানে ‘বান্টি অউর বাবলি’ অভিনেতা বলেন, “আমি এখানে একটু প্রোটেকটিভ হচ্ছি স্ত্রীকে নিয়ে, আমার সুন্দরী স্ত্রীকে নিয়ে। যখন ও ইন্ডাস্ট্রিতে আসে, তখন ও ছিল মিস ওয়ার্ল্ড, আর আজও বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হিসেবে ওঁর নাম উচ্চারিত হয়। কিন্তু আমি মনে করি, ওর এই সৌন্দর্য কখনওই ওর অভিনয় প্রতিভাকে ছাপিয়ে যায়নি। আর তাই সৌন্দর্য দিয়ে সেটাকে আড়াল করে দেওয়া উচিত নয়।”
অভিষেকের মুখে এই কথা শুনে পাশে বসে থাকা ঐশ্বর্যা হাসিমুখে মাথা রাখেন স্বামীর কাঁধে। সে মুহূর্তই প্রমাণ করে দেয়, তাঁদের সম্পর্ক কতটা গভীর আর মজবুত।
অভিষেক–ঐশ্বর্যার প্রেমকাহিনি
এক বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘উমরাও জান’ ছবির সেটেই নাকি তাঁদের প্রেমের শুরু। তবে তার আগে সুইৎজারল্যান্ডে একবার প্রথম দেখা হয়েছিল। অভিষেক তখন সেখানে এক ছবির প্রদর্শনী দেখতে গিয়েছিলেন, আর ঐশ্বর্যা ববি দেওলের সঙ্গে নিজের প্রথম বলিউড ছবি ‘অউর প্যায়ার হো গ্যায়া’র শুটিংয়ে ব্যস্ত।
এরপর ‘উমরাও জান’, ‘গুরু’ এবং ‘ধুম ২’-তে একসঙ্গে কাজ করতে করতে বন্ধুত্ব বদলে যায় প্রেমে। ‘গুরু’-র প্রিমিয়ারে অভিষেক অবশেষে প্রস্তাব দেন ঐশ্বর্যাকে। উত্তর আসে হাসিতে ‘হ্যাঁ’।
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন দু’জনে। ২০১১ সালের নভেম্বরে তাঁদের কোল আলো করে আসে আরাধ্যা। মাঝে বয়ে গেছে অনেক জল। অভিষেকের নাম জড়িয়েছে এক অভিনেত্রীর সঙ্গে, ঐশ্বর্যার সঙ্গে বিয়ে ভাঙনের চর্চা ছিল বলিউডের হট টপিক কিন্তু এসবে জল ঢেলে আবার দুজন একসঙ্গে এসেছেন। বিভিন্ন অনুষ্ঠানে পৌঁছেছেন। আর আজও বলিউডের অন্যতম প্রিয় জুটি হিসেবে তাঁদের নাম উচ্চারিত হয় ভালবাসা ও শ্রদ্ধার সঙ্গে।