বুধবারই তাঁকে হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। তবে সময় চেয়ে কুন্দ্রা জানানোয়, নতুন করে ১৫ সেপ্টেম্বরের তারিখ ধার্য করা হয়েছে।

রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি
শেষ আপডেট: 9 September 2025 09:46
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় (60 crore cheating case) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল মুম্বই পুলিশের (Mumbai Police) ইকনমিক অফেন্সেস উইং (EOW)। পুলিশ সূত্রে খবর, বুধবারই তাঁকে হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। তবে সময় চেয়ে কুন্দ্রা জানানোয়, নতুন করে ১৫ সেপ্টেম্বরের তারিখ ধার্য করা হয়েছে।
শুধু কুন্দ্রা নন, জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালের (NCLT) এক নিরীক্ষককেও সমন পাঠানো হয়েছে, যাঁর কাছে প্রথমে অভিযোগ জানিয়েছিলেন মামলাকারী। কয়েক দিন আগেই এই মামলায় শিল্পা-রাজের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে পুলিশ, যাতে তাঁরা দেশ ছেড়ে বাইরে না যেতে পারেন।
অভিযোগকারী ৬০ বছরের ব্যবসায়ী দীপক কোঠারি। ঝুহুর বাসিন্দা কোঠারি লোটাস ক্যাপিটাল ফাইন্যান্স সার্ভিসেস নামে একটি নন-ব্যাংকিং ফাইন্যান্স সংস্থার ডিরেক্টর। তাঁর অভিযোগ, ২০১৫ সালে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি তাঁকে রাজেশ আর্যার মাধ্যমে চেনেন। তখন তাঁরা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড নামে একটি হোম শপিং ও অনলাইন খুচরো বিক্রয় সংস্থার পরিচালক ছিলেন। ওই সংস্থার জন্য ৭৫ কোটি টাকার ঋণ চান কুন্দ্রারা। কর বাঁচাতে এটিকে বিনিয়োগ হিসেবে দেখানো হয়। পাশাপাশি মাসে মাসে মুনাফা এবং মূল টাকার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতিও ছিল।
কোঠারির দাবি, ২০১৫ সালের এপ্রিলে প্রথমে ৩১.৯ কোটি এবং একই বছরের সেপ্টেম্বরে ফের ২৮.৫৩ কোটি টাকা দেন তিনি। যদিও ২০১৬ সালের সেপ্টেম্বরে শিল্পা সংস্থা থেকে পরিচালক পদে ইস্তফা দেন। এর মধ্যেই সংস্থার বিরুদ্ধে দেউলিয়া হওয়ার প্রক্রিয়া শুরু হয়।
কোঠারির অভিযোগ, ব্যবসার নামে নেওয়া অর্থ আসলে ব্যক্তিগত প্রয়োজনে খরচ করেছেন শিল্পা ও রাজ। ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তাঁর মোট ৬০.৪৮ কোটি টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগকারীর দাবি।
অভিযুক্তদের আইনজীবীর পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, সমস্ত অভিযোগই মিথ্যে এবং নিছক দেওয়ানি প্রকৃতির। তাঁদের বক্তব্য, এই মামলা ইতিমধ্যেই এনসিএলটি মুম্বইয়ে বিচারাধীন এবং প্রয়োজনীয় নথিপত্র, ক্যাশ ফ্লো-র বিস্তারিত বিবরণ পুলিশকে দেওয়া হয়েছে। কোনওভাবেই এর মধ্যে অপরাধমূলক কিছু নেই।
বর্তমানে জুহু থানায় দায়ের হওয়া এই মামলার তদন্তে নেমেছে ইওডব্লিউ। আগামী ১৫ সেপ্টেম্বর রাজ কুন্দ্রাকে সরাসরি জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।