কেন হঠাৎ ওয়ার্কশপে মজলেন রাজ? এযাবৎ উঠেছিল প্রশ্ন। অবশেষে সবটা এল সামনে।

শেষ আপডেট: 25 August 2025 21:32
দ্য ওয়াল ব্যুরো: বিগত বেশ কিছু দিন ধরেই টলিপাড়ার একঝাঁক নতুন প্রজন্মকে নিয়ে ওয়ার্কশপ করছেন রাজ চক্রবর্তী। তাতে দেখা যাচ্ছে রোহন ভট্টাচার্য, ওম সাহানি, জন ভট্টাচার্যের মতো জনপ্রিয় মুখদের।
কী হতে চলেছে সেখানে? কেন হঠাৎ ওয়ার্কশপে মজলেন রাজ? এযাবৎ উঠেছিল প্রশ্ন। অবশেষে সবটা এল সামনে।
তাঁদের নিয়ে রাজের আগামীর প্রজেক্ট। শোনা যাচ্ছে ছবির নাম হতে পারে 'হোক কলরব'। তিলোত্তমার কাছে খুব চেনা এই স্লোগান? মনে পড়ে বছর কয়েক আগের কথা? যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ গোটা শহর মুখরিত হয়েছিল এই স্লোগানে। সেই স্লোগানই এবার পর্দায়? ঠিক কোন কোন ঘটনা তুলে ধরা হবে এই ছবিতে?

সূত্র জানাচ্ছে, থাকবে স্বপ্নদীপ-কাণ্ডের মতো হৃদয়বিদারক ঘটনার উল্লেখ। রাজ তৃণমূল বিধায়ক, সে ক্ষেত্রে তাঁর ছবিতে মুখ্য ভূমিকা পাবে কোন দিক? তা নিয়েও প্রশ্ন উঠছে।
তবে একাধিক বাণিজ্যিক এবং সমান্তরাল ছবিতে নিজের মুন্সিয়ানায় দর্শকের মন জয় করেছেন রাজ চক্রবর্তী। তাই এই ছবিতেও তিনি ঝকঝকে ভাষায় বক্তব্য রাখতে পারবেন, এমন প্রত্যাশা রয়েছে ইন্ডাস্ট্রির ভেতরে-বাইরে। আগামী ২৭ তারিখ অফিসিয়ালি ঘোষণা হবে ছবির নাম ও বিষয়বস্তুর। চমকের প্রত্যাশায় রয়েছেন সকলেই।