
শেষ আপডেট: 16 July 2022 11:49
দ্য ওয়াল ব্যুরো: টলিউড ছেড়ে এবার বি-টাউনে পাড়ি দিচ্ছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)! জানা গেছে, খুব শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছে তাঁর। দিনকয়েক ধরেই এমন খবর ভেসে বেড়াচ্ছিল টালিগঞ্জের অন্দরে। আজ দ্য ওয়ালের তরফে পরিচালককে ফোন করা হলে তিনি খবরটা সত্যি বলেই স্বীকার করেছেন।
এদিন রাজ (Raj Chakraborty) বলেছেন, 'বলিউডে কাজের কথা চলছে। আমিই ডিরেক্টর হব।' সূত্রের খবর, নিজেরই একটি বাংলা সিনেমার রিমেক করবেন তিনি। এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে রাজ জানান, 'প্রোজেক্টের নাম এখনই বলতে চাই না। সময় হলে সবাই জানতে পারবেন।'
দাবা খেলায় নাকি তুখোড় ক্যাটরিনা! জন্মদিনে রইল অজানা আরও ৭ কথা
এখনও অবধি যা খবর, তাতে খুব সম্ভবত শুভশ্রী-ঋত্বিক অভিনীত 'পরিণীতা' (Parineeta) ছবিটিই হিন্দিতে রিমেক করতে চলেছেন রাজ। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এই বাংলা সিনেমাটি। এবার হয়তো এই ছবির গল্পটিই সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতে চলেছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক।

২০১৯-এর ৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল 'পরিণীতা' (Parineeta)। নিজের ঘরানা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে টিনএজ প্রেমের গল্প বলেছিলেন রাজ (Raj Chakraborty)। গল্পের প্রধান চরিত্র মেহুলের ভূমিকায় রেখেছিলেন নিজের স্ত্রী তথা অভিনেতা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। দীর্ঘদিন পর নতুন ধরনের প্রেমের গল্প দেখতে হলে ভিড় জমিয়েছিলেন দর্শকরাও। জেলার সিঙ্গেল স্ক্রিনগুলিতেও হাউজফুল বোর্ড ঝুলেছিল।
শুধুই দর্শকরা নন, এর পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল রাজের (Raj Chakraborty) এই সিনেমা। দুর্দান্ত অভিনয় করে একাধিক অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলেন শুভশ্রী। প্রথমে স্কুলপড়ুয়া এবং পরে আইটি সেক্টরে চাকরি করা মহিলা-- দুই ভূমিকাতেই শুভশ্রী ছিলেন উজ্জ্বল। একইসঙ্গে তাঁর পাশে বাবাইদা'র চরিত্রে ঋত্বিক চক্রবর্তীও ছিলেন অনবদ্য। সবমিলিয়ে 'পরিণীতা' (Parineeta) ছিল সে বছরের অন্যতম ব্যবসাসফল ছবি।
এখন দেখার বলিউডে রাজের নতুন ইনিংস কতটা রোমাঞ্চকর হয়! অনুরাগীরা বলছেন, টলিউডের মত হিন্দি ছবির জগতেও 'রাজ' করবেন রাজ চক্রবর্তী।