আগামী মাসেই মুক্তি পাবে তাঁর ছবি 'হোক কলরব'। তবে রিলিজের আগেই সেই ছবির বেশ কিছু ক্লিপ আপাতত সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে।

শেষ আপডেট: 28 December 2025 20:54
দ্য ওয়াল ব্যুরো: সমস্যা যেন রাজ চক্রবর্তীর পিছু ছাড়ছে না। স্ত্রী তথা অভিনেতা শুভশ্রী গঙ্গোপাধ্যায় দিন কয়েক আগে মেসি-কাণ্ডে তীব্র ট্রোলের মুখে পড়েছিলেন। থানায় ছুটতে হয়েছিল বিধায়ক-পরিচালক। এবার ফের এক সমস্যার মুখোমুখি রাজ।
আগামী মাসেই মুক্তি পাবে তাঁর ছবি 'হোক কলরব'। তবে রিলিজের আগেই সেই ছবির বেশ কিছু ক্লিপ আপাতত সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে। অনৈতিক জেনেও তা শেয়ার চলছে। সবাইকে সে খবর আগেই জানিয়েছেন রাজ। বারণও করেছেন যেন ক্লিপ কেউ শেয়ার না করেন এবার তা নিয়েই পরিচালকের সঙ্গে কথা হল দ্য ওয়ালের।
কে এমন কাজ করতে পারে কিছু কি ধারণা করা গিয়েছে? পরিচালক বলেন, "ভিতরের কেউই করেছেন। খুঁজেও পেয়েছি। তবে উপযুক্ত প্রমাণ না মিললে তা নিয়ে কথা বলা ঠিক হবে না। সবাইকে একটাই কথা বলার, কেউ যেন শেয়ার না করেন।"
এ প্রসঙ্গে সমাজমাধ্যমে রাজ লেখেন, "...আপনাদের অনুরোধ লিঙ্কটি শেয়ার করবেন না। প্ররোচনায় পা দেবেন না।" প্রসঙ্গত, রাজ পরিচালিত প্রলয় সিরিজে দ্বিতীয় পর্ব আসছে। সেখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি সংলাপ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই দাবি করেছেন পরিচালক অসম্মান করেছেন এই তরুণ বিপ্লবীকে। যদিও রাজের দাবি, যে বিতর্ক হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।