
রাহুল-স্বরূপ
শেষ আপডেট: 19 March 2025 21:47
দ্য ওয়াল ব্যুরো: ‘ফেডারেশন মস্তানি করে কাজ আটকাতে চাইছে। সেই মস্তানির জন্যই আমাকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছে। এ পর্যন্ত তাও মেনে নেওয়া যায়। কিন্তু ক্রিয়েটিভ প্রোডিউসার হয়েও নাকি তারা আমাকে কাজ করতে দেবে না। মস্তানির একটা সীমা আছে!’ ঠিক এই বক্তব্যই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছিল গত বছর জুলাইতে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছিলেন, ‘রাহুলকে তিন মাসের জন্য কাজ থেকে বিরতই থাকতে হবে। তাঁর উপর জারি হওয়া নিষেধাজ্ঞা বহাল থাকছে।’
ফেডারেশনকে ‘লুকিয়ে’ বাংলাদেশ থেকে শুটিং করে আসার জন্য রাহুলকে তিনমাসের জন্য কাজ না করার নির্দেশ দেওয়া হয়। ফেডারেশনের নিষেধাজ্ঞা ছিল। তিনমাস ফ্লোরেই ঢুকতে পারেননি রাহুল (Rahool Mukherjee)। লিখিতভাবে ক্ষমা চেয়েও লাভ হয়নি রাহুলের। এবং তারপর জল গড়ায় অনেকটা। অন্যদিকে স্বরূপ বিশ্বাসের বক্তব্যে উঠে আসে বাংলা বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থাকারীদের ৬০ শতাংশই ছবির পরিচালক। আর তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে পরিচালক গিল্ড (DAEI) পরিচালকরা বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। এরপর মানহানি মামলা দায়ের করেন। মোট ২৩৩ জন পরিচালক ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২৩ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। এই দীর্ঘ তালিকায় ছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়ও।
তারপর আবার জলে পেরিয়েছে অনেকখানি। শুটিং বন্ধের পরিস্থিতি। পরিচালক-মন্ত্রীর আলোচনা। বৈঠক। আবার আলোচনা। পুরনো পরিচালক গিল্ডের উত্থান। নতুন গিল্ডে অভ্যন্তরীন দ্বন্দ। একের পর এক পরিচালকরা ফিরে গিয়েছেন সেই পুরনো গিল্ডে। কেউ জানিয়ে, কেউ লুকিয়ে-লুকিয়ে। আর শেষমেশ স্বরূপ বিশ্বাস পুরনো গিল্ডের উপদেষ্টা আসনেই বসলেন। রাহুল নিজেও গত ফেব্রুয়ারি মাসে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া'র ছেড়ে পুরনো পরিচালক গিল্ডের সদস্য হন। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে মানঅভিমানের পালা বিরতি আসে।
এবার এক পূর্ণ বিরাম। ২৩৩ জন পরিচালকের সঙ্গে মিলিত যে সাক্ষরে মানহানির মামলা করা হয় সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। সেই মামলা থেকে সরে এসেছেন রাহুল মুখোপাধ্যায়। আজ ওয়াকালতনামায় সাক্ষর দিয়ে সভাপতির বিরুদ্ধে করা মামলা থেকে নিজেকে প্রত্যাহার করলেন পরিচালক রাহুল। ‘দ্য ওয়াল’-এর তরফ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে (তাঁদের প্রতিক্রিয়া পেলে, এই প্রতিবেদনে আপডেট করা হবে)। রাহুলের ফোন বেজে গিয়েছে, কোনও জবাব আসেনি। অন্যদিকে, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) ও ফোনে পাওয়া যায়নি। তবে ফোন তোলেন, ফেডারেশনের সহ-সম্পাদক সুজিত কুমার হাজরাকে। তিনি বলেন, ‘ পরিচালক গিল্ডকে ভুল বোঝানো হয়েছিল, তবে এখন যখন তাঁরা ফেডারেশনের সঙ্গে আলোচনা করছেন, এবং তাঁরা অবগত হচ্ছেন, ভুল বোঝাবুঝি মিটছে। এবং সে কারণেই চেতনা বোধ থেকেই রাহুলের নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত।’ গোটা বিষয় নিয়ে যোগাযোগ করা হয় DAEI সভাপতি সুব্রত সেনের সঙ্গেও, তিনি গোটাটা শুনে বলেন, ‘আমার এ বিষয়ে কিচ্ছু বলার নেই।’