দুই বছর আগে প্রথমবার রাঘব ‘মন্নত’-এর চৌকাঠে পা রেখেছিলেন, স্বপ্নের মতোই খানিক ব্যাপার স্যাপার। তারপর কী হয়েছিল?

শেষ আপডেট: 6 October 2025 18:37
দ্য ওয়াল ব্যুরো: অনেক দিন ধরেই গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত। তবে সাম্প্রতিক পরপর কিছু কাজের মধ্য দিয়ে বলিউডে একপ্রকার পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেতা রাঘব জুয়াল (Raghav Juyal)। শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan) পরিচালিত The Ba*ds of Bollywood-এ অভিনয়ের জন্য রাঘব এখন বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু। তারপর থেকে আরিয়ান খানের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে বেশ কয়েকবার।
যেদিন প্রথম শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রাসাদ ‘মন্নত’-এ (Mannat) পা রেখেছিলেন, কেমন ছিল সেই মুহূর্ত? সেই নিয়েই এক সাক্ষাৎকারে রাঘব জানালেন, সেই স্মৃতি কখনও ভুলতে পারবেন না তিনি।
দুই বছর আগে প্রথমবার তিনি ‘মন্নত’-এর চৌকাঠে পা রেখেছিলেন, স্বপ্নের মতোই খানিক ব্যাপার স্যাপার। আরিয়ান খানের সঙ্গে দেখা করতেই যাওয়া, আর সেই অভিজ্ঞতা ছিল একেবারে সিনেমার মতোই।
রাঘব বলেন, “প্রথমবার ‘মন্নত’-এ ঢোকার সময় দেখি এয়ারপোর্টের মতো স্ক্যানার বসানো। সবাই তাকিয়ে দেখছিল কে আমি, যেন ভাবছে, 'কে এ? কাজ খুঁজতে এসেছে নাকি?'
শুধু তাই নয়, ভিতরে ঢুকে তিনি আরিয়ানকে জিজ্ঞাসা করে বসেন, 'তোমার রুম কোনটা?' পরে বুঝতে পারেন, বাদশা শাহরুখ খানের বাড়িতে ‘রুম’ নয়, পুরো ‘ফ্লোর’ থাকে। আরিয়ান হেসে তাঁকে উত্তর দেন, ‘চলো ওপরে যাই।' 'তারপর আমরা খানিকক্ষণ আড্ডা দিয়ে ডিনারের জন্য বেরিয়ে পড়ি,” জানান রাঘব।
বাড়ি ফিরে রাঘব যখন মাকে খবর দেন, তিনিও ছেলের কথা শুনে উচ্ছ্বসিত। অভিনেতা বলেন, ‘মাকে বললাম, আমি এখনই মন্নত থেকে ঘুরে এলাম। মা তো উত্তেজিত হয়ে প্রশ্নের পর প্রশ্ন শুরু করে দিলেন, ‘বাড়িটা কেমন? বাথরুম দেখলে? লাইব্রেরি কেমন?’ শেষ পর্যন্ত বলতে হল, মা, আমি বাড়ির দালালি করতে তো যাইনি, একটু নিঃশ্বাস নাও এবার তুমি।’
রাঘব জানালেন, শাহরুখ খানের প্রতি তাঁর মুগ্ধতা বহুদিনের। “আমি তো জবরা, মানে একেবারে পাগল, ডাই-হার্ড ফ্যান। আমাদের পুরো পরিবারই এসআরকের ভক্ত। অরকুটের যুগ থেকেই আমরা তাঁর ফ্যান অ্যাকাউন্ট চালাতাম। তাই ‘মন্নত’-এ ঢোকা বা শাহরুখ স্যারের সঙ্গে দেখা করা আমার কাছে স্বপ্নপূরণের মতো,” বললেন তিনি।
খবর বলছে, রাঘব অভিনয় করছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত King ছবিতে, যেখানে শাহরুখ খান মুখ্য ভূমিকায়, আর প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট। রাঘব বলেন, “আমার আর শাহরুখ স্যারের প্রথম দেখা হয়েছিল Happy New Year-এর শুটিংয়ে, যেখানে আমি নাচ করেছিলাম। তারপর বিভিন্ন শো-তে দেখা হয়েছে। তবে এই প্রথম আরিয়ানের সঙ্গে সরাসরি কাজের সুযোগ পেয়েছি, অডিশন দিয়ে নির্বাচিত হয়েছি। বাকিটা ইতিহাস।”