একঝাঁক আন্তর্জাতিক তারকার সঙ্গে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা। জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টস, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগের মতো হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে একই মঞ্চে দায়িত্ব পালন করবেন তিনি।
.jpg.webp)
শেষ আপডেট: 9 January 2026 13:18
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ পুরস্কারগুলির তালিকায় অস্কারের পাশাপাশি যে নামটি বরাবরই আলোচনায় থাকে, তা হল গোল্ডেন গ্লোব। চলতি বছর সেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কারণ আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস, আর তার আগেই প্রিয়াঙ্কা চোপড়া আরও একবার মুখ উজ্জ্বল করলেন ভারতের। এবারের অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
বৃহস্পতিবার ভোররাতে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ প্রকাশ্যে এনেছে এবারের তারকা উপস্থাপকদের তালিকা। সেই তালিকায় একঝাঁক আন্তর্জাতিক তারকার সঙ্গে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা। জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টস, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগের মতো হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে একই মঞ্চে দায়িত্ব পালন করবেন তিনি। উল্লেখযোগ্যভাবে, এই প্রথম কোনও ভারতীয় ব্যক্তিত্ব গোল্ডেন গ্লোবের উপস্থাপনার দায়িত্ব পেলেন।
এই ঘোষণার পর থেকেই প্রিয়াঙ্কার অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আন্তর্জাতিক বিনোদন জগতে তাঁর প্রভাব যে ক্রমশ বিস্তৃত হচ্ছে, তা ফের একবার স্পষ্ট। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য ব্লাফ’-এ জলদস্যু চরিত্রে তাঁর উপস্থিতি ইতিমধ্যেই বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। এমন আবহে গোল্ডেন গ্লোবের এই দায়িত্ব প্রিয়াঙ্কার কেরিয়ারে আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথমবার গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ২০২০ সালে ফের তাঁকে দেখা যায় ওই অনুষ্ঠানে। প্রায় ছয় বছর পর এবার শুধুমাত্র অতিথি হিসেবেই নয়, বরং গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন তিনি।
৮৩তম গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে আরও যাঁরা অংশ নিচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন আমান্ডা সাইফ্রেড, আয়ো এডেবিরি, চার্লি এক্সসিএক্স, ক্রিস পাইন, কোলম্যান ডোমিঙ্গো, ডাকোটা ফ্যানিং, ডেভ ফ্রাঙ্কো, ডায়ান লেন, হেইলি স্টেইনফেল্ড, জেসন ব্যাটম্যান, কেভিন বেকন, কেভিন হার্ট-সহ আরও অনেক তারকা। উল্লেখ্য, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সোমবার সকালে ভারতে সম্প্রচারিত হবে।