
প্রিন্স ও যুবিকা
শেষ আপডেট: 20 October 2024 20:11
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন বিগ বস জয়ী প্রিন্স নারুলা এবং তাঁর স্ত্রী যুবিকা চৌধুরীর ঘর আলো করে এলো প্রথম সন্তান। রোববারই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে প্রিন্স জানান তাঁদের মেয়ে হয়েছে।
করওয়া চৌথের ঠিক আগেই এসেছে এই সুখবর। জানা যাচ্ছে শনিবার সন্ধ্যাবেলা কন্যাসন্তানের জন্ম দেন যুবিকা। প্রিন্সের বাবা যোগিন্দর নারুলা নাতনি হওয়ার খবর ভাগ করে নিয়ে লেখেন— ‘আমরা আশীর্বাদধন্য এবং খুশি।’
জুন মাসে নিজেদের সম্পর্কের নতুন ইনিংসের কথা ঘোষণা করেছিলেন প্রিন্স এবং যুবিকা। প্রথম দিকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে মুখ খোলেননি তাঁরা। পরে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর প্রেগনেন্সির খবর খোলাখুলি জানিয়ে দেন প্রিন্স।
প্রসঙ্গত, প্রিন্স-যুবিকার আলাপ বিগ বস থেকে। সেখান থেকেই সম্পর্ক, প্রেম ও তারপর বিয়ে। আর এবার দুই থেকে তিন হলেন সেলিব্রিটি জুটি।
এখানে বলে রাখা দরকার, ৪১ বছর বয়সে আইভিএফ-এর সাহায্য নিয়ে মা হলেন যুবিকা। এর আগে একাধিক জায়গায় যুবিকা বলেন, তিনি চেয়েছিলেন প্রিন্সের ক্যারিয়ার প্রতিষ্ঠিত হওয়ার পরেই সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন। অনেকটা পরেই প্রিন্সের সঙ্গে আলোচনা করে বয়সের কথা চিন্তা করে আইভিএফ-এর মাধ্যমে সন্তান ধারণের সিদ্ধান্ত নেন তিনি।