
উর্বশী রৌতেলা
শেষ আপডেট: 19 April 2025 20:46
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী উর্বশী রৌতেলা সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের কাছে 'উর্বশী মন্দির' নামে এক মন্দির রয়েছে, সেটি নাকি তাঁর উদ্দেশে বানানো হয়েছে। এই মন্তব্য ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়েছে।
ঠিক কী বলেছিলেন উর্বশী? এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনে উর্বশী বলেন, বদ্রীনাথের কাছে বামনি গ্রামে অবস্থিত উর্বশী মন্দিরে ভক্তরা তাঁর ছবিতে মালা দিয়ে পুজো করেন এবং তাকে ‘দামদামামাই’ নামে ডাকেন।
তিনি আরও বলেন, ‘দক্ষিণ ভারতেও আমার নামে একটি মন্দির থাকা উচিত, কারণ আমি সেখানেও অনেক সিনেমায় অভিনয় করেছি। মাত্র দেড় বছরের মধ্যে চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করেছি, তারপর পবন গারু কল্যাণ, বালায়া বাবুর সঙ্গেও কাজ করেছি।”
তাঁর এই কথায় ওই মন্দিরের পুরোহিতরা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে। বদ্রীনাথ ধামের প্রাক্তন ধর্মীয় কর্মকর্তা ভুবন চন্দ্র উনিয়াল অভিনেত্রীর এই মন্তব্যকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এই মন্দির তাঁর নয়। তাই এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং সরকারকে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
‘ব্রহ্ম কপাল তীর্থ পুরোহিত সমাজের’ সভাপতি অমিত সতী বলেন, এই প্রাচীন মন্দির ব্যক্তিগত মালিকানাধীন নয় এবং অভিনেত্রীর মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
বামনি ও পাণ্ডুকেশ্বর গ্রামের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, একজন ব্যক্তি কোনও পবিত্র স্থানের মালিকানা দাবি করতে পারেন না। স্থানীয় বাসিন্দা রামনারায়ণ ভাণ্ডারী বলেন, ‘মন্দিরটি পুরাণ ও সংস্কৃতিগত দিক থেকে গুরুত্বপূর্ণ, এবং পুরো গ্রাম উর্বশীর মন্তব্যের নিন্দা করছে।’
প্রসঙ্গত, যে মন্দিরের কথা বলা হচ্ছে, সেটি হিন্দু পুরাণে দেবী সতীর ১০৮ শক্তিপীঠের অন্যতম বলে পরিচিত। হিন্দুপুরাণ অনুযায়ী, এখানেই দেবী সতীর দেহাংশ পড়েছিল।