
কল্কির ইভেন্টে দীপিকা।
শেষ আপডেট: 20 June 2024 11:44
দ্য ওয়াল ব্যুরো: ভোট দিতে যাওয়ার দিন ঢিলেঢালা সাদা শার্ট পরে বেরিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেদিন নাকি 'ততটা ভাল করে' দেখা যায়নি তাঁর বেবিবাম্প। তাই নিয়ে ট্রোলিংয়ের ঝড় বয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। এবার সপাটে ব্যাট চালালেন দীপিকা। থার্ড ট্রাইমেস্টার চলছে তাঁর। তার মধ্যেই বডিহাগিং কালো পোশাক পরে হাজির হলেন মঞ্চে। রীতিমতো ফ্লন্ট করলেন বেবিবাম্প।
কল্কি ২৮৯৮ এডি-র প্রি-রিলিজ ইভেন্টে এই পোশাকেই দেখা গেল দীপিকাকে। তবে পোশাক যাই পরুন না কেন, এই অবস্থায় পায়ের জুতো নিয়ে একটু সাবধান হতে হয় তো! এমন হাই হিল কেউ পরে! তিনি দীপিকা পাড়ুকোন। আত্মবিশ্বাসের অপর নাম। তাই নিশ্চয় বুঝেশুনেই পরেছেন! কিন্তু সেই জুতো পরে যেই না স্টেজ থেকে নামতে যাবেন, ওমনি সাহায্য করতে ছুটে আসেন অমিতাভ-প্রভাস। যেন কে আগে হাত বাড়াতে পারেন নায়িকাকে ধরতে, তার প্রতিযোগিতা!
'প্রতিযোগিতা'য় অবশ্য জিতে গেলেন প্রভাসই! পিছনে পড়ে গেলেন অমিতাভ। তাই শেষমেশ মজা করে প্রভাসকেই পিছন থেকে জড়িয়ে ধরেন তিনি, যেন মজার ছলে প্রভাসকে সরিয়ে ধরবেন তাঁর পর্দার কন্যা পিকুর হাত! এই খুনসুটি দেখে হেসে ওঠেন ঘটনাস্থলে উপস্থিত মিডিয়াকর্মী থেকে দর্শকরা। হাসতে থাকেন দীপিকাও।
View this post on Instagram
কল্কির ইভেন্টে প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, রানা দগ্গুবতিদের মাঝে সকলের নজর কেড়ে নিয়েছিলেন দীপিকা। হবু মায়ের সে কী গ্লো! তেমনি তাঁর প্রতি সকলের কড়া খেয়াল। মঞ্চে ওঠার সময়েও দীপিকার হাত ধরে সাহায্য করেছিলেন বিগ বি। নামার সময় তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান প্রভাস।
রাণা দগ্গুবতি অনুষ্ঠানে মজা করে বলেন, কল্কি-তে অন্তঃসত্ত্বা সুমতির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। শ্যুটিং শেষ, ছবি রিলিজ হতে চলেছে, তবু দীপিকা সেই বেবি বাম্প নিয়েই হাজির! দীপিকাও মজা করে পাল্টা উত্তর দেন, ‘তিন বছর ধরে চলেছে শ্যুটিং। তাই আমি আরও ৯ মাস বাড়িয়ে নিয়েছি আমার বেবিবাম্প!’