
শেষ আপডেট: 8 March 2023 06:41
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিনকয়েক আগে। কিন্তু এখনও ছাড়া পাননি টলিউডের প্রবীণ পরিচালক প্রভাত রায় (Prabhat Roy)। এদিকে মঙ্গলবারই যে জন্মদিন (birthday)। তার উপর আবার দোল। মনমরা হয়ে হাসপাতালের (hospital) বিছানায় বসে থাকলে হবে! তাই সেখানে বসেই কেক (cakes) কাটালেন তিনি।
এদিন প্রভাতবাবুর জন্মদিন উপলক্ষে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন টলিউডের আর্ট ডিরেক্টর এবং প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য। তাঁর সামনেই হাসপাতালের বিছানায় বসে জোড়া কেক কাটেন এই বর্ষীয়ান পরিচালক। এরপর নিজে হাতে সেই কেক খাইয়েও দেন। কেক কাটার সময় পরিচালকের মুখে আলতো হাসিই বুঝিয়ে দিয়েছে যে, বিশেষ দিনগুলোয় কাছের মানুষদের আগমনে তিনি কতটা খুশি!
পরে সেই কেক কাটার মুহূর্তের দু'টি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন একতা। তাতে তিনি লিখেছেন, "গত 10 দিন একটু কঠিন ছিল। ব্যাটসম্যান বেশ কয়েকটি কড়া বাউন্সারের সম্মুখীন হয়েছেন, তারমধ্যেই কিছু ছক্কা মারতে পেরেছেন। তবে বেশিরভাগ সময়েই ফ্রন্টফুটে খেলে গিয়েছেন। তিনি ম্যাচটি জিতে আগামীকালই (বুধবার) প্যাভিলিয়নে ফিরবেন। শুভ জন্মদিন প্রভাত রায়। আপনি আরও আরও সেঞ্চুরি করতে থাকুন।"
উল্লেখ্য, প্রভাত রায়ের অসুস্থতার খবর পেয়ে গত ২৮ ফেব্রুয়ারিই হাসপাতালে ছুটে এসেছিলেন আর এক প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এমনিতে কলকাতার কোলাহল থেকে অনেকটা দূরেই থাকেন ভিক্টর। ভিনরাজ্যে এক পাহাড়ি গ্রামে বসবাস করেন তিনি। সেখান থেকেই খবর পান তাঁর 'প্রভাতদা' অসুস্থ। খবর শোনামাত্র ছুটে আসেন শহরে। এরপর হাসপাতালে গিয়ে দেখা করলেন তাঁর অন্যতম প্রিয় পরিচালকের সঙ্গে। নিজের 'লাঠি'কে দেখে তখন অসুস্থ মানুষটার মুখে ছিল একরাশ হাসি।
'রং শুধু দিয়েই গেলে', বাড়ির বাগানে সপরিবারে দোল খেললেন রঞ্জিত-কোয়েল মল্লিক