জন্মদিনে প্রভাসের এই লুক ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি এই ছবির জন্যও সকলে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রভাসের নতুন ছবির ফার্স্ট লুক
শেষ আপডেট: 25 October 2025 14:16
দ্য ওয়াল ব্যুরো: আজ ৪৬-এ পা রাখলেন প্রভাস। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নিজের পরবর্তী ছবি ‘ফৌজি’র প্রথম লুক প্রকাশ করলেন। পোস্টারে প্রভাসকে দেখা যাচ্ছে একদম পরিচিত লুকে, সামনে জ্বলন্ত ব্রিটিশ পতাকা।
ছবির টিজারই ইঙ্গিত দেয় স্বাধীনতার আগের সময়কার কাহিনি এই ছবিতে দেখা যাবে, প্রেক্ষাপট আত্মত্যাগ এবং ব্রিটিশ প্রতিরোধের। পোস্টারের সঙ্গে থাকা সংস্কৃত শ্লোকের অনুবাদে বলা হয়েছে, 'তিনি হলেন সেই অর্জুন যিনি অসম্ভব জয়ের পথ ধরেন, সেই কর্ণ যিনি সঠিকের পক্ষে লড়েন, আর সেই একলব্য যিনি কোনও শিক্ষক ছাড়াই যুদ্ধ করেন- ভাগ্যের দ্বারা তৈরি একজন যোদ্ধা।'
‘ফৌজি’ দেশপ্রেমের গল্প বলবে। প্রভাসকে দেখা যাবে একজন সৈন্য হিসেবে একক ব্যাটেলিয়নের নেতৃত্ব দিতে, তাঁর লড়াই স্বাধীনতা ও সম্মানের জন্য। ছবির নায়িকা ইমানভি এসমাইল। অনুপম খের, মিঠুন চক্রবর্তী ও জয়া প্রাদা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন। ছবিটি পরিচালনা করছেন হানু রাঘবাপুদি।
সংস্কৃত শ্লোকের ব্যবহার নিয়ে পরিচালক সম্প্রতি ‘ফৌজি’-র টাইটেল লঞ্চের অনুষ্ঠানে কথা বলেন। তাঁর বক্তব্য, 'আমরা ছবিতে ইচ্ছে করেই সংস্কৃত শ্লোক ব্যবহার করেছি। কারণ এই শ্লোকগুলো আমাদের যোদ্ধার কাহিনিতে গভীরতা এবং অন্য মাত্রা এনে দেবে। তবে এটা কোনও পুরাণভিত্তিক ছবি নয়। আমরা কেবলমাত্র ভগবদ্গীতা থেকে দর্শনীয় অনুপ্রেরণা নিয়েছি।'
তিনি আরও যোগ করেন, 'ফৌজি আসলে এক কট্টর দেশপ্রেমের গল্প, যেখানে স্বাধীনতার আগে ভারতের সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে মানুষের অনুভূতি ও সংগ্রাম তুলে ধরা হয়েছে। এই গল্প যে আবেগ এবং বার্তা দেবে তা বিশ্বের নানা প্রান্তে আজও সমানভাবে প্রাসঙ্গিক।'
এদিকে, প্রভাসের আগামী প্রজেক্টের মধ্যে রয়েছে ‘দ্য রাজা স্যাব’, যা ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাবে। এতে মূল ভূমিকায় থাকছেন মালাবিকা মোহনন, নিধি আগরওয়াল, ঋদ্ধি কুমার, বোমান ইরানি ও সঞ্জয় দত্ত। এছাড়া ‘কালকি ২৮৯৮ এডি পার্ট ২’-তে তিনি অমিতাভ বচ্চন, কমল হোসেন এবং দিশা পাটানি-র সঙ্গে ধরা দেবেন স্ক্রিনে।
এছাড়াও সন্দীপ রেড্ডি বাঙ্গার ‘স্পিরিট’-এও প্রভাস থাকবেন।
জন্মদিনে প্রভাসের এই লুক ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি এই ছবির জন্যও সকলে শুভেচ্ছা জানিয়েছেন।