
শেষ আপডেট: 12 February 2024 13:44
দ্য ওয়াল ব্যুরো: ২ ফেব্রুয়ারি পুনম পান্ডের মৃত্যুর খবর আগুনের মতো ছড়িয়েছিল। সেইদিন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে জানা যায় তিনি মারা গেছেন সার্ভিক্যাল ক্যানসারে। মুহূর্তে ট্রেন্ডিং হতে শুরু করেছিল পুনম পান্ডে ও সার্ভিক্যাল ক্যানসার।
একদিন যেতে না যেতেই তিনি সোশ্যাল মিডিয়াতেই সবাইকে জানান যে তাঁর ‘মৃত্যু’ আসলে মিথ্যে! সার্ভিক্যাল ক্যানসারের প্রতি সচেতনতা বাড়াতেই এমন অদ্ভুত উপায় বেছে নিয়েছিলেন পুনম।
এই খবরের পর প্রায় সবাই ঘটনাটির নিন্দেই করেন। নেটিজেনদের রোষের মুখেও পড়েন ইরটিক সিনেমার অভিনেত্রী পুনম। ক্যানসারের মতো গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে পাবলিসিটি করাটাকে নিম্নমানসিকতার পরিচয় বলে মন্তব্য করেন বহু মানুষ।
View this post on Instagram
অনেকেই মনে করেন খবরের শিরোনামে আসার জন্যই পুনম এই কাণ্ডটি ঘটিয়েছেন। এবার সেই ‘সচেতনতার প্রচার’ বিপদে ফেলল অভিনেত্রীকে। পুনম ও স্যাম বোম্বের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হল। কানপুর পুলিস কমিশনারের কাছে এই এফআইআর করলেন ফইজান আনসারি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফইজান আনসারির দাবি, যত তাড়াতাড়ি সম্ভব হেফাজতে নিতে হবে পুনম ও স্যামকে।
View this post on Instagram
এফআইআর-এ বলা হয়েছে, ‘পুনম ও তাঁর স্বামী মিলে পরিকল্পনা করে পুনমের মিথ্যে মৃত্যুসংবাদের ছক কষেছিলেন। সবটাই ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। পুনম তাঁর জনপ্রিয়তা বাড়াতেই এই পথ বেছে নিয়েছিলেন বলে আমার বিশ্বাস। কিন্তু সেটা করতে গিয়ে তিনি সারা দেশবাসী ও বলিউডের অনেককেই ক্ষুণ্ণ করেছেন।’
যদিও এই বিষয় নিয়ে এখনও মুখ খোলেননি পুনম। এই মামলা পুনম কীভাবে আইনি পথে মোকাবিলা করবেন সেটা সময়ই বলবে। যদিও মামলার রায় পুনমের অনুকূলে না গেলে এত বড় ক্ষতিপূরণের অঙ্ক আদৌ পুনম দিতে পারবেন কিনা প্রশ্ন রয়েছে সেটি নিয়েও।