
সুনীল পাল
শেষ আপডেট: 12 December 2024 09:00
দ্য ওয়াল ব্যুরো: কাজের নাম করে ডেকে অপহরণ করা হয়েছিলেন জনপ্রিয় কমেডিয়ান সুনীল পালকে। এই ঘটনায় এবার ২ জনকে আটক করল পুলিশ। মিরাট পুলিশ আপাতত দুজনকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা করছেন তাঁরা।
মুম্বইয়ের বাইরে শো করতে গিয়ে সুনীল পালকে অপহরণ করা হয়েছিল বলে দাবি করেছিলেন স্ত্রী। সেই প্রেক্ষিতে থানায় অভিযোগও দায়ের করেন। টানা দু’দিন নিখোঁজের পর অবশেষে বাড়ি ফিরেছিলেন কৌতুক অভিনেতা। জানিয়েছিলেন, তাঁর থেকে চাওয়া হয়েছিল কুড়ি লক্ষ টাকা। কিন্তু তিনি অত টাকা দিতে পারেননি। ফলে গোটা বিষয়টাই ৭.৫ লাখে মীমাংসা হয়। পরে জানা যায়, অপহরণকারীরা সেই টাকা পেয়ে যায়, সুনীলকে মুম্বই যাওয়ার ফ্লাইট ধরতে নগদ কুড়ি হাজার টাকাও দিয়েছিল।
এর মাঝে আবার একটি অডিও ক্লিপও ভাইরাল হয়েছে। যেখানে নাকি খোদ সুনীল পালকে অপহরণের বিষয়টি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সঙ্গে আলোচনা করতে শোনা যাচ্ছে। তাহলে কি পুরো ঘটনাই সাজানো? সুনীলের স্ত্রীর অবশ্য দাবি, অডিও ক্লিপটি এডিট করা। তবে আপাতত গোটা বিষয়ের তদন্ত করছে পুলিশ। মূল মামলাটি মুম্বই থেকে মিরাটে স্থানান্তর করা হয়েছে।
সুনীল জানিয়েছিলেন, ২ ডিসেম্বর রাতে হরিদ্বারে একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ জন্য তিনি সেদিন মুম্বই থেকে দিল্লির ফ্লাইটে আসেন। পাঁচ-ছয়জন মিলে তাঁকে দিল্লিতে অপহরণ করে বলে অভিযোগ। অপহরণকারীরা তাঁকে একটি গাড়িতে করে মিরাটে নিয়ে যায়। এ সময় তার চোখ বেঁধে দেওয়া হয়। ফলে তিনি কিছুই দেখতে পাননি।
পরে অপহরণকারীরা মিরাটের একটি দোকান থেকে গয়নাও নাকি কেনে। মুক্তিপণের টাকা জুয়েলার্সের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। তদন্তের পর, মিরাটের গয়না বিক্রেতার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।