
শেষ আপডেট: 14 October 2023 15:43
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার অন্য রূপে ধরা দিলেন। দেশ চালানোর পাশাপাশি হাতে কলম তুলে নিয়েছেন তিনি। লিখে ফেলেছেন গুজরাতি ভাষায় একটি গোটা গান। গীতিকার হিসাবে মোদীজির গানের জগতে ডেবিউ দেখে অবাক অনেকেই। সঙ্গীত পরিচালক তনিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালির সুরে নবরাত্রি উপলক্ষে ‘গারবো’ নামের নতুন একটি গান লিখেছেন তিনি। যা শনিবার সকালেই মুক্তি পেয়েছে। নরেন্দ্র মোদীর এই প্রতিভা দেখে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রধানমন্ত্রীর এমন কাজ অনুপ্রেরণামূলক বলেও জানান তিনি।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা, গান লেখার কথা সর্বজনবিদিত। কিন্তু তাঁর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ নরেন্দ্র মোদীও যে গান লিখতে পারেন, তা অনেকেরই অজানা ছিল। শনিবার দেবীপক্ষের সূচনালগ্নে সেই খবর ঘোষণা করেই সবাইকে চমকে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই গানের লিঙ্ক পোস্ট করে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানান সঙ্গীত পরিচালকদ্বয় তনিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালিকে। এক নেটিজেন সেখানে লিখেছেন, ‘ওয়াহ মোদীজি ওয়াহ’। আর একজন আবার লিখেছেন, ‘গানের লিঙ্কে নরেন্দ্র মোদীর নাম দেখে ঘাবড়ে গিয়েছিলাম।’
How beautiful, whether it’s Atal ji’s poems or @narendramodi ji’s songs/poems and story telling, always heart warming to see our tough heroes indulging in the beauty and tenderness of art #Navratri2023 #garba
— Kangana Ranaut (@KanganaTeam) October 14, 2023
Very inspiring for all artists ???????? https://t.co/AaFPo0SwIX
তবে এই খবর জানার পর থেকেই মোদী-বন্দনায় মেতেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলিউডে স্বঘোষিত মোদীভক্ত। নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডলের পোস্ট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, “কী সুন্দর! অটলজির কবিতা হোক বা মোদীজির গান, রিয়েল লাইফ হিরোদের এমন প্রতিভা মন ভাল করে দেয়। শিল্পের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয়। শিল্পীদের কাছে এগুলো খুবই অনুপ্রেরণামূলক।” কঙ্গনার ওই পোস্টের তলায় অনেকেই কমেন্ট করে অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন করেছেন।