
শেষ আপডেট: 28 November 2023 14:15
দ্য ওয়াল ব্যুরো: সোমবারই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য সম্পর্কের সূচনা হয়েছিল। মালাবদল, সিঁদুরদান হয়, আইনি মতে রেজিস্ট্রি করে বিয়ে করেছিলেন সমাজকর্মী পিয়া চক্রবর্তী এবং পরমব্রত। কিন্তু বিয়ের রাত কাটতে না কাটতেই বিপত্তি বাঁধল। অবস্থা এমনই যে হাসপাতালে দৌড়তে হচ্ছে নববধূকে।
কিন্তু কী হয়েছে পিয়ার? জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনের পরেই হাসপাতালে যাওয়ার মতো কী এমন ঘটল? সূত্রের খবর, পিয়া বিগত বেশ কিছুদিন ধরেই কিডনি স্টোনের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। সেটির অস্ত্রোপচার হওয়ার কথা ছিল মঙ্গলবার। আগে থেকেই ডেট নেওয়া ছিল। সেই মতোই মঙ্গলবার, অর্থাৎ ২৮ নভেম্বর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে পিয়ার। জলদিই তাঁর অস্ত্রোপচার করা হবে।
গতকাল সোমবার বিয়ে করেছেন পরম ও পিয়া। পরমব্রত এতদিন ছিলেন টলিপাড়ার মোস্ট এলিজিবল ব্যাচেলরদের মধ্যে একজন। নেদারল্যান্ডের চিকিৎসক বান্ধবী ইকার সঙ্গে করোনাকালেই দীর্ঘদিনের সম্পর্কে ইতি টেনেছিলেন অভিনেতা-পরিচালক পরমব্রত। তারপর থেকেই পিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। পিয়ার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে গায়ক অনুপম রায়ের সঙ্গে দাম্পত্য কাটিয়েছেন তিনি।
তাঁর এবং অনুপমের সম্পর্কে ভাঙনের জন্য পরমই দায়ী বলে শোনা যাচ্ছিল। তবে পরম বা পিয়া কেউই কখনও দুজনের সম্পর্কের কথা স্বীকার করেননি। বরং পিয়াকে বরাবর 'ভাল বান্ধবী'ই বলে এসেছেন তিনি। তবে সোমবার একেবারে আইন মেনেই সমস্ত গুঞ্জনে সিলমোহর দিয়েছেন তিনি। বাড়িতে একেবারে ঘরোয়া অনুষ্ঠানে দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করেছেন পিয়া ও পরম।