
শেষ আপডেট: 9 November 2023 21:39
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ঈশান খট্টর, ম্রুনাল ঠাকুর অভিনীত 'পিপ্পা'। রাধাকৃষ্ণ মেনন পরিচালিত ছবিটি ভারতীয় সেনার ৪৫ কাভালরি রেজিমেন্ট-এর ক্যাপ্টেন বলরাম সিং মেহেতার জীবনী নির্ভর, যা আমাজন প্রাইমে দেখা যাবে। কিন্তু মুক্তির আগেই প্রবল বিতর্কের সম্মুখীন ছবিটি। সৌজন্যে, একটি গান। সেই গান বাঙালির অত্যন্ত পছন্দের 'কারার ওই লৌহ কপাট'। এই ছবিটিতে গানটি ব্যবহার করা হয়েছে, যাতে নতুন করে সুরারোপ করেছেন এ আর রহমান। চেনা গানের 'অন্য রকম' সেই সুরে প্রবল বিরক্ত নেটিজেনরা। কবি কাজী নজরুল ইসলামের এই গানের নয়া উপস্থাপনার কারণে রাতারাতি তোপের মুখে পড়েছেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক।
'কারার ওই লৌহ কপাট' শুধু বাঙালির পছন্দের গানই নয়, এই গান তাঁদের কাছে অত্যন্ত গর্বের, আবেগের। বিখ্যাত এই নজরুলগীতির সঙ্গে জড়িয়ে রয়েছে কত না প্রতিবাদ, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। শোনা যায়, এই গানটি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ভীষণ প্রিয়। এত বছরে বহু সংগীতশিল্পী বহু রকমভাবে এই গানটি গেয়েছেন। তবে তার সবগুলিতেই গানের মূলভাব এবং সুর অক্ষুন্ন ছিল। সম্প্রতি ইমন চক্রবর্তী, তিমির বিশ্বাস, শোভন গঙ্গোপাধ্যায় এবং আরও কয়েকজন মিলে নজরুলগীতিটি অন্যরকমভাবে উপস্থাপন করেছিলেন। সেটি নেটিজেনদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। কয়েক লক্ষ ভিউ হয়েছিল সেই গানের।
সেই একই গান গাইতে গিয়ে বেজায় বিপাকে পড়েছেন আল্লারাখা রহমান। অস্কারজয়ী সঙ্গীত পরিচালক তথা গায়কের আরোপিত সুরে বিখ্যাত গানটির অর্থ এবং ভাব সম্পূর্ণ বদলে গিয়েছে বলে দাবি নেটিজেনদের। যে গান কারাগারের লোহার গরাদ ভেঙে মুক্তির কথা বলত, সেই প্রতিবাদ এবং প্রতিরোধের যেন ছিটেফোঁটাও অবশিষ্ট নেই রহমানের সুর করা গানে, দাবি ইন্টারনেটবাসীদের। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
একজন লিখেছেন, গানটির ইতিহাস না জেনে রিমিক্স বানাতে গিয়ে আদতে সেটির শ্রাদ্ধ করেছেন এ আর রহমান।
আর একজনের দাবি, নজরুলগীতিতে কপিরাইট নেই বলেই তা নিয়ে যা খুশি তাই করার সুযোগ পেয়েছেন রহমান।
কিছুদিন আগেই 'মানবজমিন' ছবিতে অরিজিৎ সিংয়ের গাওয়া 'মন রে কৃষিকাজ জানো না' গানটি নিয়েও প্রায় একই রকম বিতর্ক হয়েছিল। যদিও সেখানে আরিজিতের গায়কীর থেকে বেশি রোষের মুখে পড়েছিল গানের দৃশ্যায়ন। অনেকেই অভিযোগ করেছিলেন, রামপ্রসাদী গানটির মূলভাব ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ছবির পরিচালক।