
শেষ আপডেট: 19 August 2023 14:01
জীবনের নানা ওঠাপড়া পেরিয়ে দাপটের সঙ্গে বাঁচেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে, ইন্ডাস্ট্রিতেও একের পর এক ছবি থেকে ধারাবাহিকে সমান তালে কাজ করে যাচ্ছেন পিঙ্কি। সম্প্রতি দ্য ওয়াল (pinky banerjee exclusive interview) ফোনে যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। আলাপচারিতায় উঠে এল 'চিনি' থেকে ছেলের সঙ্গে সময় কাটানো সহ নানা প্রসঙ্গ।
ইন্ডাস্ট্রিতে তো অনেকগুলো বছর কাটিয়ে ফেললে। কতগুলো বছর হল?
সত্যি বলতে আমি গুনিনা, গুনলে যদি এই কাটিয়ে ফেলার সময়সীমাটা এখানেই থেমে যায়! তবু বছর ১৫ তো হলই।
তুমি তো অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছ? ইদানিং তোমাকে নেগেটিভ চরিত্রে বেশি দেখা যাচ্ছে, কোনও বিশেষ কারণ?

দেখো, আমি সব কমেডি থেকে নেগেটিভ সব ধরনের চরিত্রই করেছি, এমনকি অনেকে আমাকে বলেন আমি কেন এত বেশি কাজের লোকের চরিত্র করি, আমি তাদের বলি, এই পৃথিবীতে কাজের লোক কে নয়! এই মুহূর্তে আমি যে দুটো ধারাবাহিক করছি দুটোতেই আমার চরিত্রটা দেখে নেগেটিভ মনে হলেও 'ফেরারী মন'-এর চরিত্রটা একজন মা-র, প্রথম থেকে সে প্রতারণার শিকার হয়েছে বলেই পরে নিজের মেয়ের স্বার্থে ছলনা করছে। আর একাদশী ব্রতর যে চরিত্র সেটা তো একেবারে আমাকে টাইম মেশিনে করে ১৮৬০ সালে নিয়ে গিয়ে ফেলেছে। ওখানে আমার বয়স ৮০ বছর। ফলে, তার চোখ দিয়ে দেখতে গেলে তার আচরণে ভুল কিছু নেই।
ব্রতর কথা যখন উঠলই, তুমি নিজে কোনও রকম ব্রত করো?
দেখো ব্রত বিষয়টা আসলে সেইসময়ে পালন করানো হতো ফিট রাখার জন্য। যেমন একাদশী ব্রততে ফ্যাট খাওয়া বারণ, তুমি দুধ বা ফল জাতীয় খাবার খেতে পারবে, মানে ভিটামিন বা প্রোটিন যাচ্ছে, কিন্তু ফ্যাটটা বারণ। এখন তো আমরা এগুলোই ফিটনেসের ডায়েট তালিকায় রাখি।
চিনি ২ ছবির পোস্টারে তো তোমাকে দেখা যাচ্ছে, এই ছবিটায় তোমার চরিত্রটা সম্পর্কে নিয়ে কিছু বলো,

চিনি নিয়ে আমি আর কী বলব আমি তো চাই এত ভাল একটা ছবির শুধু ২ কেন তিন চার পাঁচ হয়ে ১০ পর্যন্ত আসুক। চার মহিলার এই যে গল্পটা এটা খুব অন্যরকম হতে চলেছে। আর চিনি-র প্রথম পার্ট বেরোনোর পর আমার ভীষণ প্রিয় অপাদি (অপরাজিতা আঢ্য) নিজে আমার অভিনয়ের প্রশংসা করেছিলেন। সেটাই আমার কাছে বেস্ট কমপ্লিমেন্ট।
তোমার ব্যক্তিগতভাবে করা এত চরিত্রের মধ্যে প্রিয় চরিত্র কোনটা?
সত্যি বলতে এই মুহূর্তে যে 'বাংলার ব্রতকথা' ধারাবাহিকে পিসিমার চরিত্র করছি সেটা খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া 'রাইকিশোরী' ধারাবাহিকের চরিত্রটাও খুব প্রিয় হয়ে থেকে যাবে।
তুমি অভিনয় ছাড়া অবসর সময় কাটাও কীভাবে?

ছেলেকে ঘিরে অনেকটা সময় কাটে। প্রতিদিন ছেলেকে স্কুলে দিতে যাই। এছাড়াও সম্প্রতি আমি নিজের একটা ইউটিউব চ্যানেল খুলেছি যেখানে চেনা মুখ অচেনা মানুষ বলে একটি টক শো হোস্ট করছি আমি। ইতিমধ্যেই সাবিত্রী চট্টোপাধ্যায় এর প্রথম পর্বের অতিথি হয়েছেন। এই শো-তে এমন অনেক কিছু উঠে আসবে যেগুলো আগে কোনও সাক্ষাৎকার বা লেখায় কেউ শোনেননি বা পড়েননি।

সামনে আর কী কী কাজ আসছে?
ধারাবাহিক ছবি তো আছেই, সঙ্গে বেশ কিছু ওয়েব সিরিজের কথা চলছে। এই নিয়েই আপাতত হাত ভর্তি আমার।
‘স্বামী বাইরে, যৌন চাহিদা মেটাতে চাই’, লোভনীয় প্রস্তাব দিয়ে শিকার ধরতেন মডেল, ফেঁসেছেন ৫০