অবশেষে অন্তঃসত্ত্বা অবস্থায় প্রকাশ্যে এলেন পরিণীতি চোপড়া। ইউটিউব ভিডিওতে ঢিলেঢালা পোশাকে স্পষ্ট দেখা গেল তাঁর বেবিবাম্প। শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ভক্তরা।

পরিণীতি চোপড়া
শেষ আপডেট: 23 September 2025 21:37
দ্য ওয়াল ব্যুরো: মাসখানেক আগে নতুন অতিথির আগমনের খবর নিজেরাই জানিয়েছিলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। তবে এতদিন পর্যন্ত প্রকাশ্যে আসেননি অভিনেত্রী। অবশেষে অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যামেরার সামনে এলেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতেই প্রথম দেখা মিলল ‘মম-টু-বি’ পরিণীতির।
বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনকে অনেকে পেশা হিসেবেই বেছে নিচ্ছেন। কেউ অর্থ উপার্জনের জন্য, কেউ আবার স্রেফ নিজের সৃজনশীলতাকে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত নতুন কনটেন্ট তুলে ধরেন ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। বিয়ের পর থেকেই অভিনয় জগত থেকে খানিকটা দূরেই ছিলেন পরিণীতি। তবে দীর্ঘদিনের চেনা ক্ষেত্র থেকে হঠাৎ সরে থাকা যে সহজ নয়, তা বলাই বাহুল্য।
অভিনেত্রী নিজেও জানিয়েছেন, প্রায় আট মাস আগে তেমন কিছু না ভেবেই তিনি ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন। কী ধরণের কন্টেন্ট দেবেন তা নিয়ে প্রথমে দ্বিধায় ছিলেন। তবে এখন তাঁর দাবি, যা কিছুই তিনি দর্শকদের সঙ্গে ভাগ করবেন, তা মন ছুঁয়ে যাবে অনুরাগীদের।
সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য তাঁর নতুন ভিডিও। ঢিলেঢালা পোশাকে নিজের বাড়ির অন্দরমহলে শুটিং করেছেন পরিণীতি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর বেবিবাম্প—যা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ভক্তরা। অনেকে আবার শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন অভিনেত্রীকে।