অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা শীঘ্রই বাবা-মা হতে চলেছেন।

পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা
শেষ আপডেট: 25 August 2025 13:08
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা শীঘ্রই বাবা-মা হতে চলেছেন। সোমবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে এই সুখবর জানালেন তারকা-দম্পতি।
ছবিতে দেখা যায়, ছোট্ট একটি কেকের ওপর আঁকা দু'টি পায়ের ছাপ, পাশে লেখা 1+1=3। ক্যাপশনে পরিণীতি লিখেছেন, “আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদ ধন্য।” বোঝাই যাচ্ছে, নতুন অতিথিকে ঘরে স্বাগত জানাতে মুখিয়ে আছেন পরিণীতি-রাঘব দু’জনেই।
এর সঙ্গে শেয়ার করা হয়েছে আরেকটি ছোট্ট ভিডিও, যেখানে দেখা যায় রাঘবকে স্ত্রীর সঙ্গে সকালে হাঁটতে। স্পষ্ট, ব্যস্ত রাজনৈতিক জীবনের মধ্যেও পরিণীতির যত্নে কোনও খামতি রাখছেন না তিনি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কপিল শর্মার শো-তে রাঘব ইঙ্গিত দিয়েছিলেন সুখবরের, যদিও তখন অনেকেই ভেবেছিলেন তিনি মজা করছেন। সোমবারের পোস্টে সেই আভাস মিলল স্পষ্টভাবে।
উল্লেখ্য, ২০২৩ সালে বিয়ে করেছিলেন পরিণীতি ও রাঘব। দুই বছরের মধ্যেই তাঁদের ঘরে আসছে নতুন অতিথি, এতে খুশিতে ভরে উঠেছে অনুরাগীদের মন। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শুভেচ্ছার বন্যা বইছে দম্পতির জন্য।