২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েন দু'জনে। তবে জানেন কি, পরিণীতি কখনওই একজন রাজনীতির মানুষকে বিয়ে করতে চাননি, একথা নিজেও কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন। তবে ভাগ্যের লিখন কি আর বদলানো যায়!

পরিণীতি-রাঘব
শেষ আপডেট: 28 July 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার নাকি একটা 'সুপার পাওয়ার' আছে। আর তার জোরেই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন রাঘব চাড্ডা। কপিল শর্মার শোতে এসে এই কথা বললেন আপ নেতা। সম্প্রতি 'গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো'র প্রোমো প্রকাশ পেয়েছে। আগামী সপ্তাহে অতিথি আসনে থাকবেন তারকা দম্পতি পরিণীতি ও রাঘব (Parineeti Chopra-Raghav Chadha)।হাস্যরসের মোড়কে এই পর্বে উঠে এসেছে তাঁদের ব্যক্তিগত জীবনের নানা মজার মুহূর্ত। সদ্য প্রকাশিত প্রোমোতেই ধরা পড়েছে সেই রসায়ন। অভিনেত্রীর কোন সুপার পাওয়ারের কথা বললেন তাঁর স্বামী?
বলিউডের (Bollywood) সঙ্গে রাজনীতির (Politics) 'বন্ধন' নতুন কিছু নয়! সেরকমই একটি উদাহরণ, পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডা (Raghav Chadha)। ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েন দু'জনে। তবে জানেন কি, পরিণীতি কখনওই একজন রাজনীতির মানুষকে বিয়ে করতে চাননি, একথা নিজেও কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন। তবে ভাগ্যের লিখন কি আর বদলানো যায়! সেই আপ নেতা রাঘবের সঙ্গে প্রেমের গুঞ্জন থেকে বিয়ে, অনেকটা পথ পেরিয়ে এসেছেন তাঁরা।
শো-এর শুরুতেই কপিল শর্মা (Kapil Sharma) রাঘব-পরিণীতিকে তাঁদের প্রথম আলাপ ও সম্পর্ক কীভাবে শুরু হয়েছিল, তা নিয়ে প্রশ্ন করেন। উত্তরে রাঘব জানান, 'লন্ডনে প্রথমবার তাঁদের দেখা হয়।' সেই সাক্ষাতের পরই পরিণীতি নাকি গুগলে খুঁজে রাঘবের উচ্চতা যাচাই করেছিলেন! এরপর রাঘব মজার ছলে বলেন, 'ও যা বলে, বাস্তবে হয় ঠিক তার উল্টোটা। যেমন ধরুন, পরিণীতি একসময় বলেছিল ও কোনও রাজনীতির মানুষকে বিয়ে করবে না। কিন্তু শেষমেশ তাঁর উল্টোটাই হল।'
নিজের স্ত্রীর এমন ‘বিপরীত ম্যানিফেস্টেশন’-এর উপর এখন ভরসা রাখেন রাঘব। তিনি বলেন, 'আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলি, প্লিজ বলো আমি কোনওদিন ভারতের প্রধানমন্ত্রী হতে পারব না, তাহলে হয়তো সেটাই হবে!' এই কথা শুনেই হেসে লুটোপুটি খান কপিল, অর্চনা পুরন সিং ও নবজ্যোত সিং সিধু।
কপিল শর্মার এই শো দর্শকদের মনোরঞ্জনের পাশাপাশি তারকাদের ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক তুলে ধরে বরাবরই জনপ্রিয়। এবার পরিণীতি-রাঘবের এই খোলামেলা আড্ডাও মন কেড়েছে নেটিজেনদের।