এক মাস আগে এই ছবিটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন পরেশ, তবে এখন তিনি নিজেই জানালেন, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে।

ফিরছে 'হেরা ফেরি ৩'
শেষ আপডেট: 30 June 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে কমেডি সিনেমার ইতিহাসে ‘বাবুরাও’ নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পরেশ রাওয়ালের মুখ। আবারও সেই আইকনিক চরিত্রে ফিরে আসছেন তিনি—অর্থাৎ আবারও শুরু হচ্ছে ‘হেরা ফেরি ৩’-এর শ্যুটিং, আর ফিরছে পুরনো সেই দল। এক মাস আগে এই ছবিটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন পরেশ, তবে এখন তিনি নিজেই জানালেন, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে অভিনেতা পরেশ রাওয়াল বলেন, ‘না না, কোনও বিতর্ক নেই এর মধ্যে। আমি সবসময়ই বিশ্বাস করি, যখন কোনও কিছু দর্শক এতটা ভালবাসেন, তখন আমাদের দ্বিগুণ সতর্ক হতে হয়।’
পরেশ রাওয়াল জানান, তিনি চেয়েছিলেন ছবির টিম যেন আরও বেশি যত্ন নিয়ে কাজ করে। ‘দর্শক আমাদের যেভাবে ভালবাসা দিয়েছেন, তাতে তাঁদের প্রতি আমাদেরও একটা দায়িত্ব রয়েছে। আপনি চাইলেই শেখানে যা খুশি করতে পারেন না। পরিশ্রম করে ছবিটা তাঁদের উপহার দিতে হবে। আমি শুধু বলেছিলাম, সবাই মিলে একসঙ্গে কাজ করি, পরিশ্রম করি - এই আর কী,’ বলেন তিনি।
প্রিয়দর্শনের পরিচালনায় তৈরি হচ্ছে ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় পর্ব। সেই ছবিতেই আবার এক ফ্রেমে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে। এই প্রসঙ্গে তিনি অল্প হেসে বলেন, ‘ছবিটা তো আগেই আসার কথা ছিল। কিন্তু আমরা সবাই একটু ‘ফাইন-টিউন’ করছিলাম। সবাই খুব ক্রিয়েটিভ - প্রিয়দর্শন, অক্ষয়, সুনীল - আর ওরা আমার বহু, বহু, বহু দিনের বন্ধু।’
তবে এই প্রত্যাবর্তনের আগে কিছু বিতর্কও তৈরি হয়েছিল। পরেশ রাওয়ালের হঠাৎ ছবিটি থেকে সরে যাওয়ার পর অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস তাঁর বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করে, অভিযোগ ছিল - তাঁর সিদ্ধান্তের ফলে প্রোডাকশনের আর্থিক ক্ষতি হয়েছে এবং শ্যুটিং- এর শিডিউল ব্যাহত হয়েছে।
তবে এখন সব সমস্যার অবসান ঘটেছে বলে জানিয়েছেন পরেশ। ‘হেরা ফেরি ৩’-এর শ্যুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। দর্শকদের কাছে ফের একবার পুরনো সেই মজার ট্রায়ো ফিরছে—বাবুরাও, রাজু আর শ্যাম।