সদ্যোজাতর নাম এখনও প্রকাশ্যে আসেনি। আপাতত তার পরিচয়, পরমব্রত-পিয়ার ছেলে। প্রথম বার বাবা হয়েছেন। টলিপাড়ার শিক্ষিত, ফ্ল্যামবয়েন্ট এই অভিনেতার অনুভূতি জানতেই উৎস্যুক নেটপাড়া। তাঁদের প্রশ্ন হাজারও। তারকারাও আমআদমির মতো ন্যাপি বদলান? মাঝেরাতে উঠে চালান নজরদারি?

পরম-পিয়া
শেষ আপডেট: 20 June 2025 20:19
দ্য ওয়াল ব্যুরো: সারা বাড়ি জুড়ে আনন্দের প্যান্ডেমোনিয়াম। পোষ্যরাও যেন হতবাক। ছোট ছোট হাত-পা, মাঝেমধ্যেই কেঁদে উঠছে সে। বয়স তার মোটে কুড়ি দিন। এদিকে তাকে নিয়ে জনমানসে কৌতূহলের শেষ নেই। হবে নাই বা কেন! স্টারকিড বলে কথা। জন্মেই সে যেন হিরো। জামাইষষ্ঠীর দিন পৃথিবীতে এসেছে সে। আর আসার পর থেকেই বাবার ঘুমের দফারফা। বাবা যদিও 'দফারফা' শব্দের সঙ্গে একেবারেই সহমত নন। এই নতুন রুটিন বেশ ভালই লাগছে তাঁর!
সদ্যোজাতর নাম এখনও প্রকাশ্যে আসেনি। আপাতত তার পরিচয়, পরমব্রত-পিয়ার ছেলে। প্রথম বার বাবা হয়েছেন। টলিপাড়ার শিক্ষিত, ফ্ল্যামবয়েন্ট এই অভিনেতার অনুভূতি জানতেই উৎস্যুক নেটপাড়া। তাঁদের প্রশ্ন হাজারও। তারকারাও আমআদমির মতো ন্যাপি বদলান? মাঝেরাতে উঠে চালান নজরদারি? বাচ্চা কাঁদলে বুকের বাঁ দিক চিনচিন করে তাঁদের? আর জীবনে বদল? আদপে কি সে সবের আঁচ এসে লাগে গায়ে?

এক ঘুমে রাত কাবার হত পরমব্রত। ছেলে হওয়ার পর থেকেই রুটিন হয়েছে ওলটপালট। কী বদল হল? দ্য ওয়াল প্রশ্ন করতেই বললেন, "প্রাথমিক ডিউটি হল রাতে উঠতে শেখা। আমি এক ঘুমে রাত কাবার করা লোক। আর এখন রাতে অন্তত তিন বার ঘুম থেকে উঠতে হচ্ছে। জীবনের অঙ্গ হয়ে দাঁড়াচ্ছে। ছানাকে দেখার জন্য একজনকে নিযুক্ত করা হয়েছে বটে তা সত্ত্বেও বাবা হিসেবে তো আলাদা ভূমিকা থাকে।"
আর এই ভূমিকা পালনে কোনওরকম ফাঁক রাখতে রাজি নন অভিনেতা। বাচ্চারা এই পর্যায়ে সাধারণত কেঁদেই নিজের ভাব প্রকাশ করে। কোনটা খিদের কান্না আবার কোনটা ন্যাপি বদলানোর-- এ সব অনুধাবন করতে বেশ খানিক সময় লেগে যায় নতুন বাবা-মায়ের। পরমব্রত কি অ্যাডভান্সড নাকি এখানেও তিনি এক্কেবারে 'আমআদমি'। একচোট এসে তাঁর উত্তর, "সত্যি কথা বলতে, এত বড় লিংগুয়িস্ট (ভাষাবিদ) এখনও হইনি যে কোনটা খিদের কান্না, কোনটা ন্যাপির কান্না অনায়াসে বুঝে যাব। তবে খিদের কান্নাটা হয়তো বুঝতে পারি। নানা ধরনের অঙ্গভঙ্গি করে, কিন্তু তা বাদে অনেক ধরনের কান্না রয়েছে।" একটু থামলেন নিজেই। তারপর বললেন, "আসলে কী জানেন, সন্তানের জন্ম মানুষকে পুরোপুরি বদলে দেয়, এই মুহূর্তে সেই বদলটার মধ্যে দিয়ে যাচ্ছি।"

প্রেগন্যান্সি পিরিয়ড পুরোদমে উপভোগ করেছে পিয়া নিজেও। ওটিতে পিয়ার সঙ্গী হয়েছিলেন পরম। সেই অভিজ্ঞতা নিয়েও প্রশ ছুড়ে দিয়েছিলেন সাংবাদিক। এক মুহূর্তের জন্য পরম যেন ফিরে গেলেন ১ জুন, যেদিন প্রথম বাবা হয়েছিলেন তিনি। বললেন, "ইংরেজিতে একটা কথা হচ্ছে তা হল 'সারিয়েল', পরাবাস্তব যাকে বলা হয়। এরকমটাও যে হয়, এরকমটাও যে হতে পারে মানে আমরা দু'জন মিলে একটা মানুষকে তৈরি করলাম এটা হজম হতে সময় লাগে। এখনও না ওই অনুভূতিটা ব্যক্ত করতে পারব না। হয়তো আজ থেকে কিছু বছর পর মূল্যায়ন করতে পারব। প্রথম যখন হাতে নিলাম, মনে হল, এবাবা এটা কে! এটা একটা মানুষ! আমাদের সৃষ্টি! এর জন্য প্রকৃতিকে ধন্যবাদ জানাতে হয়। কী ম্যাজিক ভাবুন!"
পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন পরমব্রত। শুটিং ফ্লোরে নয়, সচেতন ভাবেই তাঁর দেখা মিলছে ছবির প্রিমিয়ারে। আপাতত তাঁর ফোকাস পরিবার। ফ্লোরে কবে ফিরবেন, প্রশ্ন চলছে অনবরত।