রোববার নন্দনে দাঁড়িয়ে মামলাকারী পরিচালকদের অন্যতম পরমব্রত এবারের দ্য ওয়ালে মুখ খুললেন। জানালেন, তিনি সত্যিই জানেন না, এই ব্যাপারে তাঁর কী বলা উচিত।

স্বরূপ বিশ্বাস ও পরমব্রত চট্টোপাধ্যায়
শেষ আপডেট: 9 November 2025 20:15
এবারের ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর (KIFF) উদ্বোধনী অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকলেও ফেডারেশন (Film Federation) সভাপতি অর্থাৎ স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) দেখা যায়নি। সঙ্গে সংগঠনের কলাকুশলীরাও অনুপস্থিত ছিলেন। আবার উৎসবের মঞ্চে সেই পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee) দেখা গিয়েছিল, যাঁর সঙ্গে বনিবনা নেই ফেডারেশনের।
এর পরপরই টলিপাড়ায় বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ফেডারেশনের বিরুদ্ধে মামলাকারী পরিচালকদের এবারের ফেস্টিভ্যালে সক্রিয় ভূমিকাই কি তাঁদের অনুপস্থিতির কারণ?
রোববার নন্দনে দাঁড়িয়ে মামলাকারী পরিচালকদের অন্যতম পরমব্রত এবারের দ্য ওয়ালে মুখ খুললেন... জানালেন, তিনি সত্যিই জানেন না, এই ব্যাপারে তাঁর কী বলা উচিত। তাঁর কথায়, "তথ্য ও সংস্কৃতি দফতর থেকে আমাকে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়, আমিও সেটাই করেছি। তাছাড়া ফেডারেশনের সঙ্গে আমার মতবিরোধ বা মনোমালিন্য যেটা আগে হয়েছে, কিছু মাস ধরে যেটা চলেছে, তা থেকে এক, দেড় মাস আমি দূরে আছি। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।"
পরমের কথায়, "আমি মনে করি আর আইনি পদ্ধতি নয় বরং আলোচনার মাধ্যমেই আমাদের ভুল বোঝাবুঝিগুলো মিটবে এবং নিজেদের মধ্যে সুন্দর সেতুবন্ধন সম্ভব হবে। এর সঙ্গে চলচ্চিত্র উৎসব জড়িয়ে ফেলা হয়েছে কিনা সেটা আমি আদৌ জানি না। আমার মতে জড়িয়ে ফেলা উচিত না। যদি জড়ানো হয়, সে ক্ষেত্রে আমার কোনও প্রতিক্রিয়া নেই।" তিনি এও জানান, বাকি মামলাকারী পরিচালকদের কথা তিনি জানেন না, তবে নিজে আর আইনি পথে যাবেন না পরম...
এ বারের কলকাতা চলচ্চিত্র উৎসব ৩১তম (Kolkata International Film Festival)। বিগত বছরগুলোতে ফিল্ম ফেডারেশনকে (Film Federation) পুরো মাত্রায় দেখা গেছিল। কিন্তু, এবারের ছবিটা তাৎপর্যপূর্ণভাবে ব্যতিক্রম। ধনধান্য অডিটোরিয়ামে তো ফেডারেশন সভাপতি স্বরূপকে দেখা যায়ইনি, নন্দন চত্বরে থাকা আর্টিস্ট ফোরামের পাশে বাঁধা ফেডারেশনের স্টলও খাঁ খাঁ করছিল।
স্বরূপকে দ্য ওয়াল ফোনে না পেলেও ফেডারেশনের কার্যকরী সভাপতি জয়চন্দ্র চন্দ্রকে ফোন করা হলে তাঁর ইঙ্গিত ছিল, দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে 'কিছু কারণে'। তাঁর কথায়, "আমরা যারা ফেডারেশনের কলাকুশলী, টেকনিশিয়ান বা যাঁরা কাজ করেন তাঁদের মধ্যে ক্ষোভের একটা জায়গা তৈরি হয়েছে। যে কারণে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা অনুপস্থিত ছিলাম। কিন্তু কেন সরে এসেছি, তার ঠিক ঠিক কারণ এই মুহূর্তে বলতে চাই না। শুধু চাইব এটা মিটে যাক।"
তাঁকে পাল্টা প্রশ্ন করা হয়, এই ক্ষোভ কি নির্দিষ্ট কোনও ব্যক্তি বা সরকারের বিরুদ্ধে? কার্যকরী সভাপতি বলেন, যতক্ষণ 'চলচ্চিত্র উৎসব' চলছে, ততক্ষণ এই নিয়ে মতামত দেব না। নিশ্চয়ই কোনও ক্ষোভ রয়েছে যা আমাদের সদস্যদের মধ্যে ছড়িয়েছে। কিন্তু আমরা সকলকেই বুঝিয়েছি এটা নিয়ে যখন যেখানে জানানোর সেখানে জানানো হবে।"
.
হাত বাড়িয়েছেন পরম, ফেডারেশনের তরফে পাল্টা কী প্রতিক্রিয়া মেলে এখন সেটাই দেখার...