বলিউডে আজ তিনি সফল ও পরিণত অভিনেতার অন্যতম নাম। একসময় গ্রামের একটি বাড়িতে পুজো করতে গিয়েছিলেন কিশোর পঙ্কজ ত্রিপাঠি।

পঙ্কজ ত্রিপাঠি
শেষ আপডেট: 21 July 2025 16:32
দ্য় ওয়াল ব্যুরো: বলিউডে আজ তিনি সফল ও পরিণত অভিনেতার অন্যতম নাম। একসময় গ্রামের একটি বাড়িতে পুজো করতে গিয়েছিলেন কিশোর পঙ্কজ ত্রিপাঠি। পুরোহিতের ভূমিকায় সেই প্রথম জনসমক্ষে দাঁড়ানো। দক্ষিণার বদলে যজমানরা তাঁকে দিলেন আজীবন বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ। আর সেখান থেকেই শুরু, সিনেমার সঙ্গে এক অদ্ভুত টান, যা পরবর্তী জীবনে তাঁকে পৌঁছে দিল বলিউডের মঞ্চে।
ছোট শহরের এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া পঙ্কজ ত্রিপাঠি প্রথম জীবনে পুরোহিত হিসেবেও কাজ করেছেন। তাঁর কথায়, “তখন আমি দশম শ্রেণিতে পড়ি। একদিন গ্রামের এক বাড়িতে পুজো করতে যাই। তখন কোনও পুরোহিত ছিল না, তাই আমায় বলা হয় পুজোটা সেরে দিতে। পুজো শেষে দক্ষিণা চাইতেই যজমানরা বলেন, ‘তুমি এখনো ছোট, টাকা দিচ্ছি না। তবে গোপালগঞ্জের তিনটে সিনেমা হলে আমরা দারোয়ান। তুমি যেকোনও হলে এলে বিনামূল্যে ঢুকতে পারবে।’
সেই কথাই জীবনে এক মোড় এনে দেয়। সেই সময় থেকেই সিনেমার সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক তৈরি হতে থাকে পঙ্কজের। ছোট ছোট হলে বিনা মূল্যে সিনেমা দেখার সুযোগই তাঁর কল্পনাকে প্রসারিত করে, তৈরি হতে থাকে ভবিষ্যতের অভিনেতা।
বহু চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে একসময় তিনি পৌঁছন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ। আর তারপর আর পিছনে তাকাতে হয়নি। নিজের অভিনয়গুণে পঙ্কজ বারবার প্রমাণ করেছেন—তিনি স্বতন্ত্র, নিপুণ এবং বিশ্বাসযোগ্য। প্রতিটি চরিত্রে তিনি ঢুকে পড়েন এমনভাবে, যেন সেই মানুষটাই তিনি।
আজ তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক প্রশংসিত ছবি। এই মুহূর্তে তিনি ব্যস্ত ‘মেট্রো ইন দিনো’-র প্রচারে, যেখানে তাঁকে মন্টির চরিত্রে দেখা যাবে। এছাড়াও রয়েছে ‘ফ্যামিলি মনোরঞ্জন’ নামক আরেকটি আসন্ন প্রজেক্ট।