সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের অনুষ্ঠান ও বাগদানের সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছেন স্মৃতি। তবে পলাশের সঙ্গে তাঁর পুরনো ছবি এখনও রয়েছে। যদিও এনিয়েই নেটিজেনদের একাংশ আলোচনা শুরু করে।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 25 November 2025 11:18
দ্য ওয়াল ব্যুরো: স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে (Smriti-Palash wedding) সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বিষয়। ২৩ নভেম্বর দু'জনের চার হাত এক হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের দিনই হার্ট অ্যাটাক (Heart Attack) হয় স্মৃতির বাবার। এখনও ভর্তি আছেন হাসপাতালে। দুই পরিবারের সিদ্ধান্তেই পিছিয়ে দেওয়া হয় বিয়ে। এরপরই শুরু হয় নানান জল্পনা, অবশেষে তা নিয়ে মুখ খুললেন পলাশের দিদি পলক মুচ্ছল।
জানা যায়, রবিবার, বিয়ের দিন বুকে ব্যথা অনুভব করেন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে। এরপরই অনির্দিষ্টকালের জন্য বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখা হয়।
এরমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের অনুষ্ঠান ও বাগদানের সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছেন স্মৃতি। তবে পলাশের সঙ্গে তাঁর পুরনো ছবি এখনও রয়েছে। যদিও এনিয়েই নেটিজেনদের একাংশ একাধিক প্রশ্ন তুলছে। অনেকেই দাবি করেন, "শুধুমাত্র বাবার অসুস্থতা নয়, বিয়ের স্থগিত হওয়ার নেপথ্যে পলাশের কিছু ব্যক্তিগত আচরণও কারণ হতে পারে।"
বিশ্বকাপ চলাকালীনই জানা গিয়েছিল, ২৩ নভেম্বর হবে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে (Smriti-Palash wedding)। সেইমতোই নিয়ম রীতি মেনে শুরু হয়েছিল নানা অনুষ্ঠান। স্মৃতির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তাঁর সতীর্থরাও। গায়ে হলুদ ও মেহেন্দির ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সঙ্গীতের অনুষ্ঠানে পলাশের সঙ্গে স্মৃতির নাচও মন ছুঁয়ে গিয়েছিল নেটিজেনদের। এমনকি বরপক্ষ ও কনেপক্ষ মিলে বন্ধুত্বপূর্ণ একটি ক্রিকেট ম্যাচ খেলেছিল, যেটির বেশ কয়েকটি ভিডিও নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন স্মৃতি।
জল্পনা যখন তুঙ্গে, তখনই পলাশের দিদি, জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন। তিনি জানান, স্মৃতির বাবার শারীরিক অবস্থার কারণেই বিয়ে স্থগিত করা হয়েছে। পাশাপাশি অনুরোধ করেন, এই স্পর্শকাতর সময়ে দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হোক। তবে নেটদুনিয়ার নানা গুঞ্জন নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

এখনও পর্যন্ত নতুন বিয়ের দিন ঘোষণা করা হয়নি। পরিবার সূত্রে জানা যাচ্ছে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে চারদিকে ছড়িয়ে থাকা নানা গুজব সত্যিই কি থামাতে পারবে পলকের এই বিবৃতি- সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।