
অস্কার ২০২৫
শেষ আপডেট: 3 March 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: কিছু প্রত্যাশিত সম্মান। কিছু অপ্রত্যাশিত জয়। কিছু তর্ক। কিছু বিতর্ক। ছকবাঁধা রাজনীতি, রাজনীতির ছকভাঙা সমালোচনা—৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস উপলক্ষ্যে লস এঞ্জেলেসের বিখ্যাত ডলবি থিয়েটার সরগরম থাকল ভরপুর বিনোদন আর টানটান উত্তেজনায়।
যে সমস্ত ফিল্ম নিয়ে দর্শকদের উৎসাহ ছিল, তাদের মধ্যে অন্যতম ‘আনোরা’। এবছর সর্বোমোট ৫টি ক্যাটাগরিতে সেরার শিরোপা তুলে নিল শন বেকার পরিচালিত এই রোম্যান্টিক কমেডি। তার মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা অভিনেত্রীর (মাইকি ম্যাডিসন) মতো খেতাবও। বেকারের কাছে ব্যক্তিগতভাবে আজকের অস্কার-রজনী স্মরণীয় হয়ে থাকবে। তার কারণ, একক খেতাবজয়ের নিরিখে তিনি কিংবদন্তি ওয়াল্ট ডিজনির রেকর্ড স্পর্শ করেছেন। দুজনেরই দখলে চারটি ক্যাটাগরিতে সেরার শিরোপা।
তবে ডিজনি যেখানে জনপ্রিয় বাণিজ্যিক ঘরানার ছবির অন্যতম মুখ, বেকার স্বাধীন চলচ্চিত্রকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। অস্কারের মঞ্চেও বিজয়ীর সম্মান হাতে তুলে নেওয়ার পর তিনি সদর্পে ঘোষণা করেন—‘বেঁচে থাকুক ইন্ডিপেনডেন্ট ফিল্ম!’ সেরা পরিচালকের পাশাপাশি সেরা সম্পাদক ও চিত্রনাট্যকার হিসেবেও সম্মানিত হয়েছেন বেকার।
বেকার নির্দেশিত ছবিতেই অভিনয় করেন মিকি ম্যাডিসন। যৌনকর্মীর ভূমিকায় তাঁর অভিনয় চলচ্চিত্রবেত্তাদের কাছে বিশেষভাবে আদৃত হয়েছে। মঞ্চে দাঁড়িয়ে ধন্যবাদ ঘোষণার সময় নিউ ইয়র্কের ব্রাইটন বিচ, যেখানে ছায়াছবিটির শুটিং চলে, সেখানকার সেক্স ওয়ার্কারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী বাছা হয়েছে জো সাল্ডানাকে (ছবি: এমিলিয়া পেরেজ)।
‘দ্য পিয়ানিস্টে’র জন্য জীবনের প্রথম অস্কার জিতেছিলেন আদ্রিয়ান ব্রডি। সর্বকনিষ্ঠ বিজেতা হিসেবে এই খেতাব হাতে তুলে নেন তিনি। এবার দ্বিতীয় খেতাব জিতলেন ‘দ্য ব্রুটালিস্টে’র জন্য। ইহুদি গণহত্যা থেকে বেঁচে যাওয়া হাঙ্গেরীয় বংশোদ্ভূত এক স্থপতির আমেরিকায় আসা এবং অনেক সংগ্রাম-সংঘর্ষের মধ্য দিয়ে স্বপ্নপূরণের গল্প তুলে ধরেছে এই ছায়াছবি। ব্রডির অভিনয় ইতিমধ্যে সিনেমাবিশ্বে সুনাম কুড়িয়েছে।
অন্যান্য কিছু উল্লেখযোগ্য ক্যাটাগরির বিজয়ীরা:
অরিজিনাল স্কোর: ড্যানিয়েল ব্লুমবার্গ (দ্য ব্রুটালিস্ট)
অরিজিনাল সং: জো সান্ডালা (গানের নাম: এল মাল, ছবি: এমিলিয়া পেরেজ)
আন্তর্জাতিক ছবি: আই অ্যাম স্টিল হেয়ার (পরিচালক: ওয়াল্টার সালেস)
সিনেমাটোগ্রাফি: লল ক্রাওলি (দ্য ব্রুটালিস্ট)
ভিজ্যুয়াল এফেক্ট: ডিউন: পার্ট টু
ডকুমেন্টারি ফিচার: নো আদার ল্যান্ড