
‘অঙ্ক কি কঠিন’
শেষ আপডেট: 2 April 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: তিন বন্ধু। বাবিন, ডলি ও টায়ার। করোনার প্রকোপে এই তিনজনের জীবন হুলস্থুল অবস্থা। পড়াশোনা বন্ধ। কিন্তু তাদের চোখে যে স্বপ্ন! বড় হয়ে হাসপাতালে খুলবে তিনজন। বিনা চিকিৎসায় হবে না কারও মৃত্যু। স্বপ্ন সত্যি কি আদৌ হবে? সৌরভ পালোধির ‘অঙ্ক কি কঠিন’-এই মিলবে উত্তর!
মুক্তির তারিখও ঠিক। ১৬ মে। কিন্তু তার আগে রাণা সরকার প্রযোজিত ছবিটি পেয়েছে একাধিক সম্মান এবং স্বীকৃতি। যেমন চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ভারতীয় প্যানোরোমা গোয়া (IFFI) কিংবা ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে স্থান পেয়েছে ‘অঙ্ক কি কঠিন’। পরিচালক সৌরভের সঙ্গে কথা হয় ‘দ্য ওয়াল’-এর। বললেন, ‘একটা উত্তেজনা ভিতর ভিতর বুঝতে পারছি আমরা। গরমের ছুটিতে মুক্তি পেতে চলেছে ছোটদের ছবি। ছোটদের স্বপ্নের গল্প। কিন্তু আমি নিশ্চিত বড়রাও এটা অন্যভাবে উপভোগ করবে।’
সমাজে পিছিয়ে থাকা বঞ্চিত তিন শিশুর গল্প বড় স্ক্রিনে সাজিয়েছেন সৌরভ। গরমের ছুটিতে মুক্তি পাচ্ছে ছবি, এটা ভেবেই পরিচালক পিছিয়ে যাচ্ছেন ছোটবেলার স্মৃতিতে, ‘বারবার মনে পড়ে যাচ্ছে, ‘ছুটি ছুটি’র কথা মনে পড়ে যাচ্ছে। ‘যকের ধন’ দেখতাম আমরা, আর বড়রা বড়দের মতো করে উপভোগ করত। ‘অঙ্ক কি কঠিন’ছবিটা তেমনই।’
সৌরভের কাছে প্রশ্ন ছিল ছোটদের ছবি করতে গিয়ে সমস্যাগুলো মাঝেমাঝে বড় হয়ে যায়, সমাধান মেলাটাও তখন অঙ্কের থেকেও কঠিন হয়ে যায়, তাই না? এক গাল হেসে বললেন ‘ম্যাজিক আওয়ারে শুট করছি, সূর্যাস্তের সময়। খুব কম সময় হাতে। তিরিশ সেকেন্ড নষ্ট মানে গোটা দৃশ্যটাই আর হবে না, এমন মুহূর্তে একজন বলল, ‘স্যর হিশি পেয়েছে!’ কী-ই বা করতে পারি তখন। তারপর এমনও হয়েছে, গীতশ্রীর (ডলি) ১০৩ জ্বর। গা পুড়ে যাচ্ছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং। বারণ করছি, বলেছি রেস্ট নাও। কিন্তু ও নাছোড়বান্দা! সে করলই’
শোনা যাচ্ছে, ছোটদের ছবি হলেও নাকি তাতে শাহরুখ-কাজলের প্রেম আছে? ফের হাসি সৌরভের। বললেন, ‘গল্পে হিরো-হিরোইন নেই। কিন্তু এই তিন পুচকের জীবনে হিরো-হিরোইন আছে। শাহরুখ-কাজল। অভিনয়ে প্রসূন সোম এবং পার্ণো মিত্র। একটা হিন্দু-মুসলিম প্রেমও রয়েছে।’
‘অঙ্ক কি কঠিন’ ছবির প্রযোজক রাণা সরকার। ছবিতে কোনও বড় স্টার নেই। পরিচালক কথায় কথায় বললেন, আমাদের প্রযোজক একজন ‘সাহসী’ মানুষ। কী বলছেন স্বয়ং রানা সরকার, ‘অনেক বড় বড় স্টার নিয়ে দেখেছি, ছবি রিলিজও হয় না, ব্যবসাও হয় না। তাই এবার ছোটদের নিয়েছি। সারা দেশে এমন স্টারহীন ছবি হচ্ছে, হাজার-হাজার কোটির ব্যবসা করছে। আমাদেরও আশা রয়েছে, ‘অঙ্ক কি কঠিন’ ভাল হবে!’
প্রযোজক রানা সরকার, দ্য ওয়ালকে জানিয়েছিলেন ‘বড়দের’ নিয়ে করা এক দশকের আগে তৈরি ছবি মুক্তি পেতে চলেছে। জানিয়েছিলেন দেব-শুভশ্রী বড় পর্দায় ‘ধূমকেতু’র মতোই ফিরবে! কিন্তু টলি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ছবি রিলিজের ডেট পিছিয়ে যাচ্ছে বারবার, ‘অনেকদিনের পুরনো ছবি। আগামীদিনে একের পর এক বড় ছবি রিলিজ হতে চলেছে, ‘আমার বস’, ‘রঘু ডাকাত’, ‘প্রজাপতি-২’, এতগুলো ছবির মধ্যে ‘ধূমকেতু’কে ঠিক কবে প্লেস করা যায়, তা নিয়েই আলোচনা চলছে!’
তবে এখন রানা-সৌরভের ফোকাসে শুধুই ঋদ্ধিমান, গীতশ্রী ও তপোময়ের স্বপ্নকে সত্যি সত্যিই বাস্তবের কাছাকাছি তুলে ধরতে। তখনই মিলবে উত্তর সত্যিই ‘অঙ্ক কি কঠিন’?