জন্মদিনে নিজের জন্য কিছু না চেয়ে ৫০০ প্রবীণ নাগরিকের জন্য আস্ত একটি বৃদ্ধাশ্রম তৈরি করলেন অভিনেতা সোনু সুদ। তাঁর এই মানবিক উদ্যোগে মুগ্ধ সকলেই।

সোনু সুদ
শেষ আপডেট: 31 July 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: রুপোলি পর্দায় তিনি যতই কঠোর, নিষ্ঠুর বা ভয়ংকর খলনায়ক হন না কেন, বাস্তব জীবনে সোনু সুদ একদম উল্টো মেরুর মানুষ। বিনা বিজ্ঞাপনে, বিনা প্রচারে মানুষের পাশে থাকা—সেটাই যেন তাঁর আসল পরিচয়। বুধবার, ৩০ জুলাই ৫২ বছরে পা দিলেন এই অভিনেতা। আর জন্মদিনে বাকিদের উপহার পাওয়ার বদলে নিজেই উপহার দিলেন গোটা সমাজকে—একটি নতুন বৃদ্ধাশ্রম।
অভিনয়জীবনের পাশাপাশি মানবিক উদ্যোগে আগেই নজর কেড়েছিলেন তিনি। কোভিড মহামারীর সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব একা হাতে কাঁধে তুলে নিয়েছিলেন। সেই সময় থেকেই ‘ভিলেন নয়, রিয়েল লাইফ হিরো’ তকমা পেয়েছিলেন সোনু।
এবার নিজের জন্মদিনে ৫০০ প্রবীণ নাগরিকের জন্য একটি পূর্ণাঙ্গ বৃদ্ধাশ্রম তৈরি করলেন তিনি। আশ্রয়হীন, অসহায়, অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধাদের যেন নতুন জীবন শুরু করার জায়গা করে দিল এই উদ্যোগ। শুধু ছাদ নয়, খাবার, চিকিৎসা, দেখভাল—সব দায়িত্ব নিজেই নিয়েছেন সোনু।
সাধারণত জন্মদিন মানে সেলিব্রেশন, পার্টি, উপহার নেওয়া। কিন্তু সোনুর জন্মদিন মানেই ‘রিটার্ন গিফট’—তাও কেবল নিজের কাছের লোকজনের জন্য নয়, সমাজের প্রান্তিক, অবহেলিত মানুষের জন্য। তাঁর এই পদক্ষেপে মুগ্ধ হয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁকে কুর্নিশ জানিয়েছেন।
বর্তমানে ‘ফতেহ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সোনু। বলিউড ও দক্ষিণী সিনেমা—দু’জায়গাতেই সমানভাবে পরিচিত এই অভিনেতা আজ প্রমাণ করলেন, হিরো হতে পর্দায় গুলি চালাতে হয় না, বাস্তবে মানুষের পাশে দাঁড়ালেই সে জায়গা পাওয়া যায়।