কাজল বরাবরই স্পষ্টভাষী। বিভিন্ন বিষয় নিয়ে অকপটেই সত্যি ও উচিত কথা বলে দেন। এবার পাপারাৎজিদের দৌরাত্ম ও নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন।

কাজল ও নাইসা
শেষ আপডেট: 20 June 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: সেলেব কিড মানেই ২৪ ঘণ্টা ক্যামেরার নজরদারি। স্কুলে যাওয়া থেকে বন্ধুদের সঙ্গে বেরনো কোথাও পাপারাৎজিদের নজর সেভাবে এড়িয়ে যায় না। বাবা-মায়ের সঙ্গে বেরলে তো কথাই নেই। কে সন্তানকে ফলো করছেন সবসময়, কখন কী হয়ে যায় সে চিন্তা তো প্রত্যেক বাবা-মায়ের কম-বেশি থাকেই। এই নিয়েই এবার একরাশ ক্ষোভ প্রকাশ করলেন কাজল। মেয়ে নাইসাকে নিয়ে দুশ্চিন্তা কথা প্রকাশ করলেন তিনি।
কাজল বরাবরই স্পষ্টভাষী। বিভিন্ন বিষয় নিয়ে অকপটেই সত্যি ও উচিত কথা বলে দেন। এবার পাপারাৎজিদের দৌরাত্ম ও নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। পাশাপাশি সকলের উদ্দেশে দিলেন বার্তা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁরা মেয়ে নাইসার সঙ্গে সবসময় নিরাপত্তা কর্মীদের রাখেন। মেয়ে যেখানেই যায়, সেখানেই নিরাপত্তার খাতিয়ে কাউকে না কাউকে পাঠান। কারণ হিসেবে জানান, নিসার ওপর লাগাতার মিডিয়া নজর রাখে। এই বিষয়টা তাঁকে একসময় খুবই বিরক্ত করত। এখন কিছুটা হলেও অভ্যস্ত হয়েছেন। কিন্তু এই যে স্বাধীনভাবে চলাফেরা করতে না পারা, এটা মন থেকে এখনও মেনে নিতে পারেননি।
বলেন, 'এই নজর রাখার বিষয়টায় বিরক্ত লাগে। এখন একটু কম হলেও বিরক্ত লাগেই। আমরা সিকিওরিটি ছাড়া মেয়েকে ছাড়ি না। জানি না তো কে ওকে অনুসরণ করছে, কোথায় যাচ্ছে। এই উদ্বেগটাই সবসময় তাড়া করে বেড়ায়।'
এই সব কিছুর সঙ্গে এখন খানিকটা মানিয়ে নিলেও কিছু জিনিসের প্রতিবাদ করেন। তাঁর আপত্তি রয়েছে নাইসার উপর নজরদারির সময় নিয়ে। অভিনেত্রীর দাবি তাঁর মেয়েকে ক্যামেরা তাড়া করছে ১৪-১৫ বছর বয়স থেকে। সেটা তো মোটেও ঠিক নয়। তাঁর স্পষ্ট কথা, কোনও শিশু তার বাবা-মায়ের খ্যাতির জন্য মিডিয়ার নজরে পড়লে তা এক ধরনের অন্যায়।
তিনি জোর দিয়ে বলেন, 'বাচ্চারা ১৮ বছর বয়স পর্যন্ত বাচ্চাই থাকে। যদি তারা ইন্ডাস্ট্রির অংশ না হয়ে শুধুমাত্র জিনগত কারণে পরিচিতি পায়, তাহলে তাদের অন্তত বড় হওয়ার সুযোগটা দেওয়া উচিত।'
কাজলের এই মন্তব্য শুধু একজন মা হিসেবে নয় বরং সেলিব্রিটি হিসেবে শিশুদের ব্যক্তিগত পরিসর রক্ষার পক্ষেও এক বড় বার্তা। যখন স্টারকিডরা প্রায়ই তীব্র সমালোচনার মুখোমুখি হয়, তখন কাজলের বক্তব্য মনে করিয়ে দেয়, খ্যাতি কখনওই শৈশবের স্বাধীনতা কেড়ে নিতে পারে না।