রিপাবলিক টিভি-সহ একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে আদালতে শাহরুখ, সলমন, আমিরদের প্রযোজনা সংস্থা, দায়ের পিটিশন
দ্য ওয়াল ব্যুরোঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সংবাদমাধ্যমে বারবার টেনে আনা হয়েছে তাঁদের ও তাঁদের প্রযোজনা সংস্থার নাম। নানা রকমের অভিযোগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। শুধু তাঁরাই নয়, গোটা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকেই নিশানা বানি
শেষ আপডেট: 12 October 2020 13:32
দ্য ওয়াল ব্যুরোঃ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সংবাদমাধ্যমে বারবার টেনে আনা হয়েছে তাঁদের ও তাঁদের প্রযোজনা সংস্থার নাম। নানা রকমের অভিযোগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। শুধু তাঁরাই নয়, গোটা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকেই নিশানা বানিয়েছে কিছু সংবাদমাধ্যম ও সাংবাদিক। এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হল বলিউডের ৩৮টি প্রযোজনা সংস্থা। তার মধ্যে শাহরুখ খান, সলমন খান, আমির খান, অজয় দেবগণ, অনিল কাপুর-সহ প্রায় সব প্রথম সারির প্রযোজনা সংস্থা রয়েছে।
জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টে দায়ের করা হয়েছে পিটিশন। এই পিটিশনে রিপাবলিক টিভি ও টাইমস নাও নামের দুই সংবাদমাধ্যমের নাম রয়েছে বলে খবর। এছাড়া অর্ণব গোস্বামী, প্রদীপ ভাণ্ডারি, রাহুল শিবশঙ্কর ও নবিকা কুমার নামে চারজন সাংবাদিকের নামও অভিযোগের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। এই সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো, বলিউডকে নিশানা করা, নামী তারকাদের বিরুদ্ধে জনমানসে খারাপ ছবি তুলে ধরার চেষ্টা, এইসব অভিযোগ করা হয়েছে বলে খবর।
অভিযোগে আরও বলা হয়েছে, এইসব সংবাদমাধ্যমে বলিউডের নামে ‘নোংরা’, ‘কর্দমাক্ত’, ‘মাদক সেবনকারী’ এই সব উপমা দেওয়া হয়েছে। এমনকি এই কথাও বলা হয়েছে, ‘আরব থেকে আসা টাকায় এই দুর্গন্ধ দূর করা সম্ভব হবে না।’ এইসব কথা বলে বলিউডের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের পরিশ্রমকে খাটো করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। সবার মানহানি হয়েছে বলেই অভিযোগ করেছেন তাঁরা।
এই পিটিশনের তালিকায় যে প্রযোজনা সংস্থা গুলি রয়েছে তাদের নাম হল-
- দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া (পিজিআই) ২
- দ্য সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (সিন্টা)
- ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি প্রডিউসারস কাউন্সিল
- স্ক্রিনরাইটার্স অ্যাসোসিয়েশন
- আমির খান প্রোডাকশন
- অ্যাড-ল্যাবস ফিল্মস
- অজয় দেবগণ ফিল্মস
- আন্দোলন ফিল্মস
- অনিল কাপুর ফিল্ম অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক
- আরবাজ খান প্রোডাকশন
- আশুতোষ গোয়ারিকর প্রোডাকশনস
- বিএসকে নেটওয়ার্ক অ্যান্ড এন্টারটেনমেন্ট
- কেপ অফ গুড ফিল্মস
- ক্লিন স্লেট ফিল্মস
- ধর্মা প্রোডাকশনস
- এমে এন্টারটেনমেন্ট অ্যান্ড মোশন পিকচার্স
- এক্সেল এন্টারটেনমেন্ট
- ফিল্ম ক্রাফট প্রোডাকশনস
- হোপ প্রোডাকশন
- কবীর খান ফিল্মস
- লাভ ফিল্মস
- ম্যাকগাফিন পিকচার্স
- নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট
- ওয়ান ইন্ডিয়া স্টোরিজ
- আর এস এন্টারটেনমেন্ট
- রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স
- রেড চিলিজ এন্টারটেনমেন্ট
- রিয়াল লাইফ প্রোডাকশনস
- রিলায়েন্স বিগ এন্টারটেনমেন্ট
- রোহিত শেট্টি পিকচার্স
- রয় কাপুর ফিল্মস
- সলমন খান ফিল্মস
- শিখা এন্টারটেনমেন্ট
- সোহেল খান প্রোডাকশনস
- টাইগার বেবি ডিজিটাল
- বিনোদ চোপড়া ফিল্মস
- বিশাল ভরদ্বাজ পিকচার্স
- যশরাজ ফিল্মস
এর আগে টিআরপি নিয়ে বিতর্কে জড়িয়েছে রিপাবলিক টিভি। মুম্বই পুলিশের কমিশনার পরম বীর সিং এই অভিযোগ করেছেন। এই অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশের সামনে হাজিরা দিতেও আসতে হয়েছে রিপাবলিক টিভির প্রতিনিধিকে। তার মধ্যেই এবার অভিযোগ আনলেন বলিউডের প্রায় সব প্রযোজনা সংস্থা।