দ্য ওয়াল ব্যুরো: কন্যাসন্তান দত্তক নিলেন মন্দিরা বেদি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের সম্পূর্ণ পরিবারের ছবি পোস্ট করে এই কথা ঘোষণা করেন মন্দিরা। আসলে পরিবারে নতুন সদস্যের আগমন বার্তা জানাতেই এই পোস্ট। মন্দিরা, তাঁর স্বামী রাজ কুশল ও তাঁদের দুই সন্তানকে নিয়ে ছবি হাসিমুখে ছবি দেন মন্দিরা।
বীর তাঁদের প্রথম সন্তান। তার পরে সম্প্রতি তারা নামের এক মেয়েকে আপন করে নিয়েছেন তাঁরা। পরিবারের নতুন সদস্য তারা বেদি। দশমীর দিন নিজেই পরিবারের ছবি পোস্ট করে মন্দিরা লেখেন, "চার বছর বয়সের তারাকে তিনি দত্তক নিয়েছেন গত ২৮ জুলাই।"
বহুদিন আগে এক দৈনিক সংবাদপত্রে মন্দিরা জানিয়েছিলেন, তিনি ও তাঁর স্বামী চান বীরের একটা ছোট্ট বোন থাকুক। প্রথম থেকেই মেয়ে সন্তানের প্রতি তাঁর আগ্রহের কথাও জানান তিনি। তিনি বলেছিলেন, দুই থেকে চার বছর বয়সের মেয়ে সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছেন তিনি ও কুশল। শেষমেশ ইচ্ছেপূরণ হয়েছে তাঁর। কয়েক মাস কাউকেই কিছু জানাননি তিনি, শেষে গত রবিবার তারা, বীর আর নিজেদের ছবি-সহ 'কমপ্লিট ফ্যামিলি'র ছবি পোস্ট করেন মন্দিরা।
ছবিতে দেখা গেছে মন্দিরারা পাশেই তারা বসে, আর রাজের পাশে দাঁড়িয়ে বীর। ক্যাপশনে মন্দিরা লেখেন, "উপরওয়ালা আশীর্বাদ করেছেন তাই আমরা তারাকে আমাদের মাঝে পেয়েছি। বীর তার নতুন বোন পেল। বীরের মতো তারাকেও আমরা আদর, যত্নে বড় করব। আমি ও রাজ কৃতজ্ঞ ও আশীর্বাদধন্য, আপনাদের ধন্যবাদ।" পোস্টের নীচে বলিউডের তারকাদের ও মন্দিরার বন্ধুদের শুভেচ্ছাবার্তায় ভরে গেছে।
এর আগে দীপ্তি নাভাল, সুস্মিতা সেন, রবীনা ট্যান্ডন, সানি লিওনে ও আরও অনেক বলিউড সেলেব্রিটিরা কন্যা সন্তান দত্তক নিয়েছেন। আর এখন তাদের মধ্যে মন্দিরাও একজন। অনেকেই সন্তানের জন্ম দিতে পারেন না। আবার অনেক সন্তান পরিবার খুঁজে পায় না। নতুন সন্তান দত্তক নিলে এক পরিবার সম্পূর্ণ হতে পারে-- এই ভাবনাকে মাথায় রেখেই বলিউডের বেশ কিছু তারকা অনেক পরিবারকেই উদ্বুদ্ধ করছেন, তা স্পষ্ট বোঝা যাচ্ছে।