দ্য ওয়াল ব্যুরো: গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকে এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন সুশান্তের পরিবার ও তাঁর অনুরাগীরা। শেষ পর্যন্ত এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। তারপরে ফের একটি ভিডিও বার্তায় সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি জানালেন, সত্যিটা জানার অধিকার আমাদের রয়েছে।
একটি ইনস্টাগ্রাম ভিডিওতে এই দাবি জানিয়েছেন শ্বেতা। তিনি বলেন, “আমরা সিবিআই তদন্তের জন্য একটা দেশ হিসেবে একজোট হয়েছি। একটা নিরপেক্ষ তদন্ত আমাদের অধিকার। আমরা শুধু চাই সত্যিটা সামনে আসুক। সত্যিটা জানার অধিকার আমাদের রয়েছে।”
https://www.instagram.com/p/CD0LlXtF0_J/?igshid=ddatcauudkr9
ভিডিওতে শ্বেতাকে আরও বলতে শোনা যায়, “সুশান্তের জন্য ন্যায়বিচার পাওয়া আমাদের অধিকার। এই ন্যায়বিচার না পেলে আমরা কখনও শান্তি পাব না। আমি তাই নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। সবাই এই দাবিতে আমাদের পাশে থাকুন।”
ইতিমধ্যেই এই ঘটনায় অবশ্য তদন্ত শুরু করেছে সিবিআই। একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তাছাড়া আলাদা করে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তারা মূলত আর্থিক প্রতারণার অভিযোগ খতিয়ে দেখছে।
সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং বিহার পুলিশের কাছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী, রিয়ার বাবা, মা-র নামে অভিযোগ দায়ের করেছেন। সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা অন্য একটি বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার করার অভিযোগ করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে রিয়া ও তাঁর ভাইকে জেরা করেছে ইডি। জেরা করা হয়েছে সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকেও।
শুধু তাই নয়, এই তদন্তে সুশান্তের এক দিদি মীতু সিংকে জেরা করেছে ইডি। জেরা করা হয়েছে সুশান্তের বন্ধু ও রুমমেট সিদ্ধার্থ পিথানিকেও। এর আগে অবশ্য মুম্বই পুলিশ প্রায় ৫৬ জনকে জেরা করেছে বলে খবর। কিন্তু সেই জেরায় সন্তুষ্ট নয় সুশান্তের পরিবার। তাই বিহার পুলিশে অভিযোগ করেছে তারা। বিহার পুলিশ আলাদা করে তদন্ত করছে।
এই অবস্থায় ফের সুপ্রিম কোর্টে একটি অ্যাফিডেভিট জমা দিয়েছেন রিয়া চক্রবর্তী। সেখানে তিনি অভিযোগ করেছেন, কিছু প্রমাণ হওয়ার আগেই সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে অনেক কথা প্রকাশ হচ্ছে। এই সব ভুয়ো খবরে তাঁর ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেটা যাতে না হয়, তা দেখার আবেদন জানিয়েছেন অভিনেত্রী।