দ্য ওয়াল ব্যুরো: ছেলের জন্মদিনে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট শেয়ার করলেন সোনালি বেন্দ্রে। ছেলের ছোটবেলার বেশ কিছু ছবি দিয়ে শেয়ার করেছেন একটি ভিডিও।
শনিবার ১৩ বছরে পড়েছে সোনালির ছেলে রণবীর। আর তাই টিনএজার ছেলের জন্য সোনালি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ইমোশনাল পোস্ট। তিনি লিখেছেন, "আমি বোধহয় একটু বেশিই মেলোড্রামাটিক হয়ে যাচ্ছি। কিন্তু তোমার ১৩তম জন্মদিনে এটুকু তো হতেই পারে। তুমি এখন একজন টিনএজার। এটা মাথায় ঢোকাতেই আমার বেশ সময় লাগবে। তোমায় বোঝাতে পারব না আমি তোমার ব্যাপারে কতটা গর্বিত। তোমার বুদ্ধি, তোমার রসবোধ, তোমার শক্তি, তোমার দয়ালু স্বভাব এমনকী তোমার সব দুষ্টুমিও আমার খুব প্রিয়।"
https://www.instagram.com/p/BmUz5ALFUAs/?utm_source=ig_share_sheet&igshid=38d4yanik0xv
তবে এ বছরের জন্মদিনে মা-ছেলে দু'জনেই কিন্তু দু'জনকে খুব মিস করছেন। সোনালি জানিয়েছেন, এই প্রথমবার ছেলের জন্মদিনে রণবীরের থেকে দূরে রয়েছে তিনি। লিখেছেন "তোমার ভীষণ ভাবে মিস করছি।"
জুলাই মাসের গোড়ার দিকেই প্রকাশ্যে আসে সোনালি বেন্দ্রের অসুস্থতার খবর। জানা যায় হাই গ্রেড মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত হয়েছে তিনি। আপাতত নিউ ইয়র্কে ক্যানসারের চিকিৎসা চলছে তাঁর। কয়েকদিন আগেই স্বামী গোল্ডি বহেল টুইট করে জানিয়েছিলেন, স্থিতিশীল রয়েছেন সোনালি। এরপর ৫ অগস্ট ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধু সুজান খান এবং গায়ত্রী যোশীর সঙ্গে একটি ছবি ইনস্তাগ্রামে শেয়ার করেন সোনালি। এ ছবিতে ন্যাড়া মাথায় দেখা গিয়েছিল সোনালিকে। কিন্তু ক্যানসারের সঙ্গে লড়াই করা আত্মবিশ্বাসী অভিনেত্রী জানিয়েছেন, "ন্যাড়া হওয়ায় এক ধরণের সৌন্দর্য।" কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছিলেন বান্ধবী সুজান, গায়ত্রী এবং ক্যামেরার ওপারে থাকা হৃত্বিক রোশনকেও।