দ্য ওয়াল ব্যুরো: বইয়ের প্রতি সোনালি বেন্দ্রের ভালোবাসা কারোও অজানা নয়। বলিউডের ‘বুক ওয়ার্ম’-দের মধ্যে সোনালি একজন। সংগ্রহেও রয়েছে নামী দামি সাহিত্যিকের বিভিন্ন বই। দেশি থেকে বিদেশি সব ধরণের বই-ই রয়েছে তাঁর কালেকশনে। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাঁর একটা বুক ক্লাবও। সাধ করে নাম দিয়েছেন
সোনালি’স বুক ক্লাব।
অন্যান্য সময় হয়তো শ্যুটিংয়ের ফাঁকে বই পড়তেন। সেভাবে পেতেন না সময়। তবে আজকাল তো সেসব নেই। দিনের অনেকটাই কাটে অবসরে। তবে সেই অবসরের সঙ্গী শারীরিক যন্ত্রণা। সঙ্গে রয়েছে মানসিক টানপোড়েনও। প্রতিনিয়ত নিজের সঙ্গে নিজেকেই লড়াই করতে হয়। বোঝাতে হয় নিজেকে। আর এই কঠিন যুদ্ধ জয় করার জন্য সোনালির দরকার অফুরান শক্তির। সেই শক্তির উৎস পেতেই আজকাল বইকে আরও বেশি করে সঙ্গী বানিয়েছেন সোনালি। বইয়ের সঙ্গে সময় কাটাচ্ছনে আর বেশি করে।
এ বার যে বইটা পড়বেন তা নিয়ে একটা পোস্টও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আর সেখানে লিখেছেন চিকিৎসা চলাকালীন ভয়াবহ অভিজ্ঞতার কথা। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে নিউ ইয়র্কে ক্যানসারের চিকিৎসা চলছে অভিনেত্রীর। শুরু হয়েছে কেমোথেরাপিও। আর কেমো চলাকালীন শরীরের পাশাপাশি মানিসক ভাবেও খানিকটা বিদ্ধস্ত হয়ে গিয়েছেন সোনালি। যদিও সব যন্ত্রণা জয় করে বারবার দৃঢ়-দৃপ্ত ভঙ্গিতে উঠেও দাঁড়িয়েছেন তিনি। তবে এই প্রথম অনুরাগী এবং বন্ধুদের সঙ্গে স্বীকার করলেন নিজের যন্ত্রণার কথা।
সোনালি জানিয়েছেন, কেমো শুরু হওয়ার পর বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তাঁর মধ্যে অন্যতম ছিল চোখের সমস্যা। যে সোনালি ছিলেন বইয়ের পোকা, সময় পেলেই বই পড়তেন, তিনিই বাধ্য হয়েছিলেন বইকে দূরে সরিয়ে রাখতে। কারণ আগের থেকে কিছু্টা হলেও কমজোরি হয়ে গিয়েছিল চোখ। একটানা আর পড়তে পারতেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে চোখের সমস্যাও কিছুটা কমেছে। তাই ফের আগের অভ্যাসে ফিরছেন সোনালি। আর সোনালি’স বুক ক্লাবে এ বার তিনি হাজির এক নতুন বই নিয়ে।
সোনালি জানিয়েছেন, এ বার যে বই তিনি পড়বেন তার নাম
‘এ লিটিল লাইফ’।
Hanya Yanagihara-র লেখা এই বইতে রয়েছে বন্ধুত্বের গল্প। তবে মেয়েদের নয় ছেলেদের বন্ধুত্বের গল্প। সোনালি তাঁর পোস্ট শেয়ার করে লিখেছেন, “মহিলাদের বন্ধুত্বের গল্প বইয়ের পাতায় আগেও পড়েছি। এ বার ছেলেদের বন্ধুত্বের গল্প পড়ব। শেষ বইটা পড়তে অনেক সময় লেগেছে। কেমোথেরাপির পর চোখে চাপ পড়ত। একটানা পড়তে পারতাম না। তবে এ বার নতুন বই ধরছি। আশা করি আমার সঙ্গে আপনারা সবাই এই আকর্ষনীয় বইটি পড়বেন।“
https://www.instagram.com/p/BprW3dfHPdr/
গতবছর অর্থাৎ ২০১৭ সালে ফেসবুকে প্রথম সোনালি’স বুক ক্লাব তৈরি করেন সোনালি। চিকিৎসার জন্য নিউ ইয়র্কে চলে আসার পরেও বন্ধ হয় এই ক্লাব। বরং দায়িত্ব নিয়েছেন সোনালির তিন ঘনিষ্ঠ বান্ধবী সুজান খান, দিয়া মির্জা এবং গায়ত্রী যোশী। ২০১৫ সালে নিজেও একটি বই লেখেন সোনালি। লেখক হিসেবে তাঁর হাতেখড়ি হয়
The Modern Gurukul: My Experiments With Parenting-এই বই দিয়ে।