দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত বলিউডের অন্যতম সফল এবং বিখ্যাত প্রযোজক রাজকুমার বরজাতিয়া। মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। ফিল্ম ট্রেড অ্যানালিস্ট কোমল নহতা এ দিন টুইট করে প্রযোজকের মৃত্যুর খবর জানান। রাজশ্রী ফিল্মসের টুইটার হ্যান্ডেলেও শেয়ার করা হয়েছে প্রযোজকের মৃত্যুর খবর। রাজকুমার বরজাতিয়ার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও।
https://twitter.com/rajshri/status/1098444074330148864
নব্বইয়ের দশকে সেলুলয়েডে 'ফ্যামিলি পিকচার' মানেই দর্শক বুঝতেন রাজশ্রী ফিল্মসের নাম। সৌজন্যে রাজকুমার বরজাতিয়া। সলমন খান-মাধুরী দীক্ষিতের এভারগ্রিন 'হাম আপকে হ্যায় কৌন' (১৯৯৪) কিংবা আদর্শ পারিবারিক ছবি 'হাম সাথ সাথ হ্যায়' (১৯৯৯) সবই ছিল রাজশ্রী প্রোডাকশনের ছবি। সলমন-ভাগ্যশ্রী জুটির বিখ্যাত ছবি 'ম্যায়নে প্যায়র কিয়া'-ও (১৯৮৯) বড় পর্দায় মুক্তি পেয়েছিল রাজশ্রী ফিল্মসের হাত ধরেই। এমনকী শাহিদ কাপুর-অমৃতা রাও-এর রোম্যান্টিক ছবি 'বিবাহ'-এর প্রযোজনার দায়িত্বেও ছিলেন রাজকুমার বরজাতিয়া। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সিলভার স্ক্রিনে রিলিজ হয়েছে রাজশ্রী প্রোডাকশনের নতুন ছবি 'হাম চার'। সলমন খানের কেরিয়ার শুরুর প্রায় সব ছবিরই প্রযোজক ছিলেন রাজকুমার বরজাতিয়া। হালফিলের সলমন-সোনম অভিনীত 'প্রেম রতন ধন পায়ো' (২০১৫) ছবির প্রযোজনাও করেছিল রাজশ্রী ফিল্মস।
প্রযোজকের মৃত্যুর খবর জানিয়ে ট্রেড অ্যানালিস্ট কোমল নহাতা বলেন, এক সপ্তাহ আগেই তিনি দেখা করেছিলেন রাজকুমার বরজাতিয়ার সঙ্গে। মুম্বইয়ের প্রভাদেবীর অফিসে সেদিন একদম সুস্থ স্বাভাবিকই লেগেছিল এই বর্ষীয়ান প্রযোজককে। কিন্তু আচমকাই মৃত্যু হয়েছে তাঁর। ঘনিষ্ঠ বন্ধুর এ হেন মৃত্যুতে ভেঙে পড়েছেন কোমল। শোকের ছায়া নেমেছে গোটা টিনসেল টাউনে। ঘনিষ্ঠরা বলছেন, "এরকম একটা খবর পাওয়ার পর হতবাক হয়ে গিয়েছে আমরা।"