দ্য ওয়াল ব্যুরো : শিল্পপতি নেস ওয়াদিয়ার বিরুদ্ধে করা অভিনেত্রী প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলাকে কোর্টের বাইরে মিটিয়ে নেওয়ার উপদেশ দিলেন বিচারকরা। সোমবার বম্বে হাইকোর্টে বিচারপতি রঞ্জিত মোরে ও বিচারপতি ভারতী ডাংরের ডিভিশন বেঞ্চ এই উপদেশ দেন।
২০১৪ সালে নেস ওয়াদিয়ার করা প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলার শুনানি ছিল এ দিন। সেখানেই বিচারপতিদের ডিভিশন বেঞ্চ দুই পক্ষের আইনজীবীকেই এই উপদেশ দেন। এই উপদেশ শোনার পর অভিনেত্রী প্রীতি জিন্টার আইনজীবী জানান, তাঁর মক্কেল কোর্টের বাইরে ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারেন, যদি অভিযুক্ত নেস ওয়াদিয়া তাঁর কাছে ক্ষমা চান। তাতে নেস ওয়াদিয়ার আইনজীবী জানান, তাঁর মক্কেল ক্ষমা চাইতে রাজি নন।
তিনি বলেন, " আমরাও মামলা কোর্টের বাইরে মিটিয়ে নিতে চাই। কিন্তু নেস ওয়াদিয়া ক্ষমা চাইতে রাজি নন। কারণ এর মাধ্যমে প্রীতি জিন্টা মিডিয়ার আকর্ষণ পেতে চান। " সে কথা শোনার পর বিচারপতি মোরে ও বিচারপতি ডাংরের ডিভিশন বেঞ্চ ৯ অক্টোবর প্রীতি ও নেসকে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে তাঁরা বলেন, এটা কোর্টের বাইরে মিটিয়ে নিলেই ভালো।
প্রসঙ্গত, ঘটনাটি ২০১৪ সালের ৩০ মে'র। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব খেলার সময় ঘটনাটি ঘটে। সেই সময় প্রীতি ও নেস দুজনেই কিংস ইলেভেন পাঞ্জাবের কো-ওনার ছিলেন। প্রীতি জিন্টার অভিযোগ, ম্যাচ চলাকালীন টিকিট বন্টন নিয়ে দলের এক কর্মীকে খুব বাজেভাবে কথা শোনাচ্ছিলেন নেস ওয়াদিয়া। সেই সময় প্রীতি তাঁকে শান্ত হতে বলেন। কিন্তু নেস তখন তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন প্রীতি।
এর ভিত্তিতে ২০১৪ সালের ১৩ জুন নেস ওয়াদিয়ার বিরুদ্ধে আইপিসি সেকশন ৩৫৪, ৫০৪, ৫০৬ ও ৫০৯ নম্বর ধারায় শ্লীলতাহানির অভিযোগে এফআইআর করেন প্রীতি। এ বছর ফেব্রুয়ারি মাসে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। তারপরেই কোর্টের দ্বারস্থ হয়ে নেস ওয়াদিয়া এই কেসকে বন্ধ করার আবেদন জানান। তিনি আবেদন করে বলেন, যা ঘটেছিল পুরোটাই ভূল বোঝাবুঝি। প্রীতি জিন্টা ব্যক্তিগত রাগ থেকে এই অভিযোগ করেছেন।
এই পরিপ্রেক্ষিতেই এ দিন বিচারপতিদের ডিভিশন বেঞ্চ দু পক্ষের আইনিজীবীকে কোর্টের বাইরে এই মামলা মিটিয়ে ফেলার উপদেশ দেন।