দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ি মানেই ভুরিভোজ। হাসি-ঠাট্টা-আড্ডার মাঝে জমিয়ে পেটপুজো করা। স্টার্টার থেকে মেন কোর্স কোনওটাই বাদ দেওয়া চলবে না। আর সব শেষে অবশ্যই প্রয়োজন মিষ্টির। খাবার পর শেষ পাতে একটু মিষ্টি না খেলে হয় নাকি।
আম জনতার অন্তত বিয়েবাড়িতে গিয়ে কনের গয়না, সবার সাজপোশাকের ফাঁকে এই একটি দিকে নজর থাকবেই। তবে কেবল আমজনতা নন। এ অভ্যাস বোধহয় রয়েছে তারকাদেরও। আর সেই বিয়ে যদি হয় আম্বানির মেয়ের তাহলে তো কথাই নেই। এই বিলাসবহুল বিয়ের মহা ভোজের আসরেই অপেক্ষা করে ছিল এক চমক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, নিমন্ত্রিতদের রুপোর থালায় খাবার পরিবেশন করছেন স্বয়ং অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে রয়েছেন আমির খানও। ভিডিওতে দেখা গিয়েছে অতিথিদের পাতে ধোকলা পরিবেশন করছেন বিগ বি। চামচে করে বাটি থেকে আরও একটি পদ পরিবেশন করতে দেখা গিয়েছে মিস্টার পারফেকশনিস্টকেও।
দেখুন ভিডিও
https://youtu.be/wSa27IPtlEA
আনন্দ পিরামলের সঙ্গে সদ্যই বিয়ে হয়েছে মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ঈশার। উৎসবের আমেজে সেজে উঠেছিল আম্বানিদের বিলাসবহুল বাংলো অ্যান্টিলিয়া। হাজির ছিলেন বলিউডের প্রায় সব তারকাই। ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ক্রীড়া জগতের তারকারাও।