
শেষ আপডেট: 26 November 2023 17:23
দ্য ওয়াল ব্যুরো: নারীবাদ বা ফেমিনিজমকে এবার একহাত নিলেন অভিনেত্রী নীনা গুপ্তা। শুধু কটাক্ষ করাই নয়, নারীবাদকে ‘ফালতু’ বলতেও ছাড়লেন না এই বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর দাবি, মেয়েরা কখনওই ছেলেদের সমান হয় না। তাই এই ফেমিনিজম মানার কোনও প্রয়োজনই নেই। উল্লেখ্য, নীনা বরাবরই সমাজের স্রোতের বিপরীতে হাঁটা একজন শিল্পী। কোনওদিনই কারও তোয়াক্কা করেননি। সেই আটের দশকে সিঙ্গল মাদার হয়েছিলেন তিনি, যা তখন অনেকের কাছেই ছিল কল্পনার অতীত।
সেই নীনা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে, নারীবাদ কিংবা ছেলেমেয়েরা সমান এই মতবাদে বিশ্বাস করার কোনও প্রয়োজন নেই। এগুলো একেবারে ফালতু! এসব ফেমিনিজমে বিশ্বাস না রেখে নিজেদের কাজে মন দিন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। যাঁরা বাইরে কাজ না করে পরিবার সামলান, ঘর দেখভাল করেন, তাঁরাও নিজেদের কাজকে ছোট করে দেখবেন না। নিজেদের প্রতি আত্মবিশ্বাস বাড়ান। আর নিজেকে ছোট ভাবা বন্ধ করুন।”
এরপর নীনা আরও বলেন, “ছেলেরা আর মেয়েরা কখনই সমান নয়। যেদিন ছেলেরা অন্তঃসত্ত্বা হতে পারবে, সেদিন থেকে আমরা সমান হব।” শেষে নীনা বলেন, “একদিন আমি ভোর ৬টার ফ্লাইট ধরার জন্য চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু ধরতে পারিনি। কারণ, একজন আমার পিছু নিয়েছিল। ভয়ে বাড়ি ফিরে আসি। পরদিন আবার যাই এবং ফ্লাইট ধরতে পারি। কারণ, সেদিন রাতে আমি এক বন্ধুর বাড়ি ছিলাম। সেই আমাকে এয়ারপোর্ট অবধি ছেড়ে দিয়েছিল। পুরুষ-নারীর সম্পর্ক এমনই।”